সর্বশেষঃ

ভোলা শহরের যানজট নিরসনে বাস্তবসম্মত পরিকল্পনার তাগিদ: মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার

ভোলা সদর শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে করণীয় নির্ধারণ, জনদুর্ভোগ কমানো এবং নিরাপদ নগর পরিবেশ গড়ে তুলতে নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় ভোলা জেলা পরিষদের সিনিয়র সিটিজেন হলরুমে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার (MBYUS) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাকসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ভোলা সদর শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে সমন্বিত ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ জরুরি। জনদুর্ভোগ কমাতে সড়ক ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন বলেন, ভোলা সদর শহরের যানজট দিন দিন সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এর ভোগান্তিতে পড়ছেন। যানজটের কারণে জরুরি যানবাহন চলাচলও অনেক সময় ব্যাহত হচ্ছে।

 

প্রধান অতিথির বক্তব্যে পশ্চিম চরনোয়াবাদ মুসলিম হাই-স্কুল, ভোলার সাবেক প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, যানজট নিরসনে কোনো একক পক্ষের উদ্যোগ যথেষ্ট নয়। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পৌরসভা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ, রাস্তা দখলমুক্ত রাখা এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

 

সংগঠনের উপদেষ্টা ও দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মো. হারুন অর-রশিদ বলেন, যানজট এখন ভোলা শহরের অন্যতম নাগরিক সমস্যা। সমস্যার কারণ চিহ্নিত করে বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

সভায় বক্তারা বলেন, যানজট নিরসনে শুধু আইন প্রয়োগ নয়, চালক, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যেও ট্রাফিক আইন ও সড়ক ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে। ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে নজরদারি বাড়ানো এবং নির্ধারিত স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা করাও জরুরি।

 

আলোচনায় ভোলা শহরের সড়ক ব্যবস্থাপনা, অপরিকল্পিত পার্কিং, ফুটপাত দখল এবং যানবাহনের চাপের বিষয়গুলো উঠে আসে। বক্তারা এসব সমস্যা সমাধানে প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

গোলটেবিল আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আমেনা খানম, অর্থ সম্পাদক বিবি আয়শা, দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার ফারিয়া, মহিলা বিষয়ক সম্পাদক আইভি, কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান হাওয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ইকোনমিস্ট-এর ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক ব্যক্তিবর্গ।

 

আলোচনা শেষে প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা ভোলা সদর শহরের যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে নাগরিকদের ট্রাফিক আইন মেনে চলা, যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং সড়ক ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।