সর্বশেষঃ

ভোলায় ছয় লাখ শিশুর চিকিৎসায় বিশেষজ্ঞ মাত্র দুজন, ৬০ শয্যায় ঠাঁই হচ্ছে ৩৫০ শিশুর

ভোলা জেলায় ছয় লাখের বেশি শিশুর চিকিৎসাসেবার দায়িত্ব পালন করছেন মাত্র দুজন শিশু বিশেষজ্ঞ। জেলার সাতটি সরকারি হাসপাতালের মধ্যে পাঁচটিতেই নেই কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা না পেয়ে অসুস্থ শিশুদের নিয়ে জেলা সদরে ছুটতে হচ্ছে অভিভাবকদের। সেখানেও পর্যাপ্ত চিকিৎসক ও শয্যার অভাবে বাড়ছে দুর্ভোগ।

২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ৬০টি। অথচ প্রতিদিন গড়ে ভর্তি থাকছে ৩০০ থেকে ৩৫০ শিশু। শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝে, বারান্দা, চলাচলের পথ এমনকি সিঁড়ির কোঠায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। অন্যদিকে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসছে পাঁচ শতাধিক শিশু।

হাসপাতালের একমাত্র শিশু বিশেষজ্ঞ সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. সালাহউদ্দীনকে শিশু ওয়ার্ডের পাশাপাশি হাম, ডেঙ্গু ও ডায়রিয়া ওয়ার্ডের দায়িত্বও পালন করতে হচ্ছে। বিএইচএস নিউজকে তিনি বলেন, একজন চিকিৎসকের পক্ষে এতসংখ্যক রোগীকে যথাযথভাবে চিকিৎসা দেওয়া অত্যন্ত কঠিন। এমনকি অভিভাবকদের সব কথা শোনার মতো পর্যাপ্ত সময়ও পাওয়া যায় না।

২০২২ সালের জনশুমারি অনুযায়ী, ভোলা জেলায় শূন্য থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ৬ লাখ ৪১ হাজার, যা জেলার মোট জনসংখ্যার ৩৩ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে ১০ বছরের কম বয়সী শিশু ৪ লাখ ২৭ হাজার এবং পাঁচ বছরের কম বয়সী শিশু ২ লাখ ২৫ হাজার।

জেলার সাতটি সরকারি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে আটটি। এর মধ্যে ভোলা জেনারেল হাসপাতাল ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে চিকিৎসক কর্মরত রয়েছেন। বাকি ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য।

তজুমদ্দিনের বাসিন্দা কামরুল ইসলাম গত সোমবার ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত নয় মাস বয়সী সন্তানকে নিয়ে ভোলা জেনারেল হাসপাতালে আসেন। তিনি জানান, কাছের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ না থাকায় প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদরে আসতে হয়েছে। কিন্তু এখানেও শয্যা পাননি।

হাসপাতালে ভর্তি এক শিশুর মা মরিয়ম বেগম বলেন, তিন বছর বয়সী অসুস্থ সন্তানকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না। বেসরকারিভাবে চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্যও তাঁর নেই।

ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, শিশু বিশেষজ্ঞের আটটি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। বাকি ছয়টি পদ শূন্য থাকায় শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমস্যা হচ্ছে। শূন্য পদগুলোতে চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শুধু শিশু বিশেষজ্ঞ নয়, ভোলা জেনারেল হাসপাতালের সামগ্রিক চিকিৎসক সংকটও প্রকট। হাসপাতালটিতে চিকিৎসকের ৮৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৭ জন।

বিশাল জনগোষ্ঠীর শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং হাসপাতালের শয্যা ও জনবল সংকট নিরসন এখন জরুরি হয়ে পড়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।