মনপুরায় অসময়ের বৃষ্টিতে নুয়ে পড়েছে হাজার হাজার হেক্টর পাকা আমন ধান, ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় উপকূলের কৃষক

মোঃ সজীব মোল্লা :: মনপুরা ।। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় টানা চার দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে হাজার হাজার হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক জমিতে বৃষ্টির পানি জমে ধানের শীষ ডুবে যাওয়ায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এভাবে আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকলে আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এতে ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন উপকূলের কৃষকরা।
কথাগুলো বলেছেন ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক আবদুল হাশিম। তাঁর ভাষ্য, উপজেলার অধিকাংশ আমনখেতে পাকা ধান নুয়ে পড়েছে। বৃষ্টির পানি জমে থাকায় ধানের শীষ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত চার দিন ধরে মনপুরা উপকূলে রাতভর বৃষ্টি হচ্ছে এবং বইছে ঝোড়ো বাতাস। এতে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি ব্লকে আবাদ করা আমন ধান ক্ষতির মুখে পড়েছে।
উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মিরাজ ও রাসেলসহ স্থানীয় কৃষকরা জানান, তাঁদের ৫৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। অসময়ের বৃষ্টিতে অধিকাংশ জমির পাকা ধান নুয়ে পড়েছে। অনেক জমিতে বৃষ্টির পানিতে ধানের শীষ ডুবে যাওয়ায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষকরা আরও জানান, এবার এমনিতেই ধানের বাজারদর কম। এর মধ্যে বৃষ্টির কারণে সময়মতো ধান কাটতে ও শুকাতে না পারলে ধানের রং লালচে হয়ে যাবে। এতে বাজারে ধানের দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি জমিতে পড়ে থাকা খড় বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায় তা বিক্রি করাও কঠিন হয়ে পড়বে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের তিনটি ব্লকে ১ হাজার ৯৮২ হেক্টর, উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১ হাজার ৮৩৩ হেক্টর, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১ হাজার ৮৬২ হেক্টর, মনপুরা ইউনিয়নে ১ হাজার ৬৬০ হেক্টর এবং কলাতলী ইউনিয়নে ১ হাজার ৭৩৮ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সব মিলিয়ে উপজেলায় ৮ হাজার ৯০৯ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এ বছর আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ২৪৭ মেট্রিক টন।
সরেজমিনে উপজেলার হাজিরহাট, মনপুরা, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন আমনখেত ঘুরে দেখা যায়, অধিকাংশ জমির পাকা ধান নুয়ে পড়ে আছে। কোথাও কোথাও আধাপাকা ধান বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। আবার কিছু জমিতে আধাপাকা ও পাকা ধান পাশাপাশি দেখা গেছে। প্রায় সব খেতেই বৃষ্টির পানি জমে আছে। ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ধানের গাছ।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কৃষক জামাল উদ্দিন, সাইদুর, রাসেল ও আব্বাসসহ অনেকে জানান, ধার-দেনা করে তাঁরা আমন ধানের চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে তাঁদের স্বপ্নের ফসল ক্ষতির মুখে পড়েছে। বৃষ্টি ও ঝোড়ো বাতাসে খেতের ধান নুয়ে পড়েছে। এখন সময়মতো ধান কেটে ঘরে তোলা এবং শুকানো নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। আবার বৃষ্টি হলে তাঁদের সব পরিশ্রম পণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান উল্লাহ জানান, অসময়ের বৃষ্টিতে আমনখেতের ফসল নুয়ে পড়েছে। উপজেলার ১৫টি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হচ্ছে। এ ছাড়া মুঠোফোন ও অনলাইনের মাধ্যমেও কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
