ভোলায় মিলছে নতুন নতুন কূপ, তবুও দেশজুড়ে গ্যাস সংকট কোন ?

একদিকে দেশজুড়ে সংকট, অন্যদিকে দ্বীপজেলা ভোলায় গ্যাসের নতুন নতুন কূপ সন্ধান পাওয়া যাচ্ছে। কিন্তু, জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত না থাকায় ভোলার মূল্যবান জ্বালানি সম্পদ অলস পড়ে আছে। এমন অবস্থায় পাইপলাইনে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত ভোলার গ্যাস নেয়ার পরিকল্পনা সরকারের। পেট্রোবাংলা বলছে, নির্মাণকাজে সময় লাগতে পারে তিন বছর। তবে, প্রকল্প বাস্তবায়ন যেন আমলাতান্ত্রিক জটিলতায় আর ধীরগতিতে না পড়ে, সেই তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রাকৃতিক গ্যাসের বড় আধার দ্বীপজেলা ভোলা। সম্প্রতি আরও একটি নতুন কূপে এলো সাফল্য। এ নিয়ে ভোলার দশটি কূপে বড় মজুতের অস্তিত্ব মিললো।
তবে বাস্তবতা হলো, দেশ যখন তীব্র গ্যাস সংকটে। তখন ভোলায় বিপুল গ্যাসের সন্ধান মিললেও, জাতীয় সঞ্চালন গ্রিডের সংযোগ না থাকায় কাজে লাগানো যাচ্ছে খুবই সামান্য। নদীবেষ্টিত এ জেলায় এ পর্যন্ত আবিষ্কৃত ৩টি গ্যাসক্ষেত্রের মধ্যে উৎপাদন চলছে কেবল শাহবাজপুরে। অলস পড়ে আছে বাকি দুটি ক্ষেত্র। ভোলায় এখন পর্যন্ত গ্যাসের উত্তোলনযোগ্য মজুত প্রায় দেড় টিসিএফ। দ্বীপজেলায় আরও নতুন নতুন আধারের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। সেই বিবেচনায় আরও কূপ খননের পরিকল্পনা করছে সরকার।
তবে মূল্যবান এ সম্পদ কীভাবে কাজে লাগানো যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত বদলেছে বারবার। অবশেষে নদীর তলদেশ দিয়ে পাইপলাইনে বরিশাল, এরপর খুলনা পর্যন্ত ভোলার গ্যাস নেয়ার পরিকল্পনা সরকারের। পেট্রোবাংলা জানাচ্ছে, পাইপলাইন নির্মাণে সময় লাগতে পারে ৩ বছর।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব বলেন, দুটি ভাগ করে ভোলা টু বরিশাল, বরিশাল টু খুলনা পাইপলাইন করার পরিকল্পনা করা হয়েছে। বরিশাল পর্যন্ত ফিজিবিলিটি শেষ হয়ে গেছে এবং জিটিসিএল করতে টেন্ডার আহ্বান করা হবে। বরিশাল থেকে খুলনা পর্যন্ত ফিজিবিলিটি স্টাডি চলছে। আমরা আশা করছি, তিন বছরের মধ্যে ভোলা কানেক্ট করতে পারবো।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরূল ইমাম বলেন, অতীত অভিজ্ঞতা একটি বিষয়। যে টাইম ফ্রেম তৈরি করি, সেই টাইম ফ্রেম দীর্ঘায়িত হয়। ভোলার আশপাশেও গ্যাস রয়েছে। এটির এক্সপোরেশন করা হলে ভোলা অঞ্চলে আরও গ্যাস পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং পাইপলাইন তো যথেষ্টভাবে জাস্টিফাইড। দ্রুত এটি করতে হবে। এটি চালু হলে যাতে আমরা এখনি সুফল পেতে পারি।
তবে, পাইপলাইনে সঞ্চালন নাকি ভোলাতেই শিল্পায়ন অর্থনৈতিকভাবে ফলপ্রসূ হবে—তা নিয়ে পূর্ণাঙ্গ সমীক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের কেউ কেউ।
পেট্রোবাংলার সাবেক পরিচালক প্রকৌশলী মকবুল-ই-ইলাহী চৌধুরী বলেন, শুধু পাইপলাইনের জন্য নয়, আমরা কীভাবে ব্যবহার করবো সেটার জন্য অ্যাসেসমেন্ট করা দরকার। ভোলার গ্যাস আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। আগামী ২০ বছর পাইপলাইন দিয়ে সাপ্লাই দেয়ার মতো গ্যাস কি ভোলায় আছে। বড় ইনভেস্ট করতে হলে আমাকে নিশ্চিত হতে হবে সাপ্লাই লাইনটি ঠিক আছে কিনা।
বর্তমানে দেশে ৪ হাজার মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ নেমে এসেছে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটের ঘরে। এর মধ্যে এক-তৃতীয়াংশের বেশি জোগান আসছে আমদানি করা এলএনজি থেকে।
সুত্র- সময় টিভি।
