কাগজ পাঠাতে দেরি, এশিয়ান টুর্নামেন্ট থেকে বাদ বাংলাদেশ

ভেন্যু পরিবর্তনের পর ভিসার কাগজপত্র জমা দিতে দেরি। তাতেই শেষ বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্ন। কাল কাজাখস্তানের আলমাটিতে শুরু হতে যাওয়া ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছে না বাংলাদেশ। ভিসা না পাওয়ায় ঢাকাতেই আটকে গেছে জাতীয় দল।
টুর্নামেন্টটি প্রথমে সৌদি আরবে হওয়ার কথা ছিল। পরে ভেন্যু পরিবর্তন করে কাজাখস্তানে নেওয়া হয়। আয়োজক দেশ পরিবর্তনের পর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে কাজাখস্তানে না পাঠানোয় তৈরি হয় জটিলতা। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের (এএইচএফ) মহাসচিব মোহাম্মদ শফিক জানিয়েছেন, দেরিতে আবেদন ও প্রয়োজনীয় নথি জমা পড়ায় কাজাখস্তান সরকার বাংলাদেশের ভিসার আবেদন গ্রহণ করেনি।
আজকের পত্রিকাকে গতকাল মোবাইলে শফিক বলেন, ‘আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কাগজপত্র কিছুটা দেরিতে পৌঁছেছে। এ কারণে কাজাখস্তান সরকার আবেদন গ্রহণ করেনি। তাদের অনলাইন ভিসার প্রক্রিয়া অত্যন্ত কঠোর, রাষ্ট্রীয় ক্রীড়া দল হিসেবেও তারা কোনো ছাড় দেয়নি।’
ভিসা জটিলতা কাটাতে টুর্নামেন্ট শুরুর তিন-চার দিন আগে এএইচএফের সহায়তা চেয়েছিল বাংলাদেশ। ততক্ষণে আর কিছু করার ছিল না। শফিকের মতে, শুরুতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেনি বাংলাদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশ সম্ভবত ভেবেছিল, অন্যান্য দেশের মতো সহজে ভিসা পেয়ে যাবে। কিন্তু কাজাখস্তান যে এত কঠোর, তা তারা বুঝতে পারেনি।’
শুধু টুর্নামেন্টে অংশ নিতে না পারাতেই শেষ নয়, এই ঘটনায় আর্থিক জরিমানার শঙ্কাও আছে বাংলাদেশের। টুর্নামেন্ট শেষে এএইচএফের পরবর্তী সভায় বিষয়টি তদন্ত করা হবে। বাংলাদেশের গাফিলতি প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী জরিমানা করা হতে পারে বলে জানিয়েছেন শফিক।
তবে দেরিতে কাগজপত্র জমা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন (বিএইচএফ)। তাদের দাবি, প্রয়োজনীয় সব নথি সময়মতো জমা দেওয়া হয়েছিল। সমস্যা হয়েছে সৌদি আয়োজকদের দিক থেকে। বিএইচএফের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল সৌদি আরবে, হঠাৎ করে তারা এটা কাজাখস্তানে সরিয়ে নেয়। আমাদের সব কাগজ আগেই দেওয়া ছিল। কিন্তু সৌদি আরব এই কাগজ ঠিকমতো কাজাখস্তানে পাঠায়নি।’
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে জাপান, ইরান, চীন ও হংকংয়ের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। সেখানে বাংলাদেশের জায়গায় খেলবে থাইল্যান্ড। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ হারানোয় ক্ষতিটা খেলোয়াড়দেরই বেশি। তবে ফেডারেশন এখন আগামী বছরের এসএ গেমসের প্রস্তুতিতে মনোযোগ দিতে চায়। সালাহউদ্দিন বলেন, ‘আমাদের এই সফর ছিল মূলত এসএ গেমসের প্রস্তুতির অংশ। ৯ মাস দলটি নিয়ে কাজ করার পরিকল্পনা করেছি। বড় দলগুলোর সঙ্গে খেললে এসএ গেমসে আরও ভালো করা যেত। এখন সেই ঘাটতি কাটিয়ে উঠতে চীন, থাইল্যান্ড ও উজবেকিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছি।’
