এক পরিবারে ৬১ জন চিকিৎসক!

মালয়েশিয়ায় রাবার বাগানের শ্রমিক হিসেবে জীবন শুরু করেছিলেন লু সিউ চিন ও তাঁর স্বামী। তাঁদের আট ছেলে পরবর্তী সময়ে চিকিৎসক হন। তাঁদের হাত ধরে গড়ে উঠেছে চিকিৎসকদের এক বিশাল পরিবার, যেখানে বিভিন্ন প্রজন্ম মিলিয়ে চিকিৎসকের সংখ্যা ৬১!

লু সিউ চিন ১২ নভেম্বর ১০৪ বছর বয়সে মারা গেছেন। ১৬ নভেম্বর মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ারে ট্রিনিটি চার্চ সমাধিক্ষেত্রে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এতে পরিবারের ১২০ জনের বেশি সদস্য অংশ নেন। তাঁদের অনেকে মালয়েশিয়া ছাড়াও সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে এসেছিলেন শেষকৃত্যে অংশ নিতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে লু পরিবারের একটি শোকবার্তা। সেখানে পরিবারের কয়েক ডজন সদস্যের নামের আগে ‘ডাক্তার’ উপাধি থাকায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। শোকবার্তায় উল্লেখ করা হয়, লু সিউ চিনের ১১ সন্তান—৯ ছেলে ও ২ মেয়ে। এ ছাড়া তাঁর ৪৮ জন নাতি-নাতনি, ২৩ জন পুত্রবধূ ও জামাতা এবং ৫১ জন প্রপৌত্র-প্রপৌত্রী অর্থাৎ নাতির-নাতনির ছেলে-মেয়ে রয়েছেন। তাঁদের মধ্যে ৩৯ জনের নামের আগে চিকিৎসক উপাধি উল্লেখ করা হয়েছে।

‘দ্য স্টার’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে লু পরিবারের মেয়ে ৬৬ বছর বয়সী কারিন লিম জানান, পুত্রবধূ, জামাতাসহ পরিবারের বিভিন্ন প্রজন্ম মিলিয়ে প্রকৃতপক্ষে চিকিৎসকের সংখ্যা ৬১। এই পরিবারের আরও কয়েকজন তরুণ সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যা পড়ছেন। ২০১৭ সালেও চিকিৎসকদের এই বৃহৎ পরিবারের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তখন চিকিৎসক ছিলেন ৪৫ জন।

চিকিৎসক হওয়ার পেছনে এই পরিবারের অনুপ্রেরণা হিসেবে রয়েছে একটি বেদনাদায়ক ঘটনা। মুয়ারে রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করার সময় লু সিউ চিন ও লিম তাং তু দম্পতির এক সন্তান মারা যায় অসুস্থতার কারণে। তখন ওই এলাকায় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ ছিল খুবই সীমিত। কারিন বলেন, ‘সেই মর্মান্তিক ঘটনা আমার মাকে অন্যের জীবন বাঁচানোর জন্য সন্তানদের চিকিৎসক হওয়ার ব্যাপারে উৎসাহিত করতে অনুপ্রাণিত করেছিল। কঠিন পরিস্থিতির মধ্যেও আমার বাবা-মা সব সময় বিশ্বাস করতেন, উন্নত ভবিষ্যতের চাবিকাঠি হলো শিক্ষা।’

পরিবারটির চিকিৎসক হওয়ার যাত্রা শুরু হয় ১৯৬৪ সালে। সে বছর তাঁদের বড় ছেলে চিকিৎসাবিদ্যা পড়তে ভারতে যান। পরে তাঁর পথ অনুসরণ করে ছোট সাত ভাইও চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন এবং চিকিৎসক হন।

লু সিউ চিনের ১১ সন্তানের মধ্যে ৮ ছেলে চিকিৎসক হয়েছেন। এক ছেলে ব্যবসার সঙ্গে যুক্ত। বড় মেয়ে গৃহিণী এবং কারিন পেনাংয়ে আইন পেশায় নিয়োজিত। কারিন জানান, একসময় তিনিও চিকিৎসাবিদ্যা পড়ার কথা ভেবেছিলেন। কিন্তু বড় এক ভাই তাঁকে পরামর্শ দেন, পরিবারে চিকিৎসকের সংখ্যা এমনিতেই যথেষ্ট। এরপর তিনি আইন বিষয়ে পড়াশোনার সিদ্ধান্ত নেন।

কারিন জানান, পরিবারে এত চিকিৎসক থাকায় তাঁর মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়া সহজ হয়েছিল। ফলে তিনি ১০৪ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পেরেছেন সহজে। তবে তাঁর দীর্ঘ জীবনের পেছনে ‘দৃঢ় মনোবল’ বড় ভূমিকা রেখেছিল বলে জানান কারিন।

কারিনের ভাষায়, ‘আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে রয়েছে আমাদের বাবা-মায়ের কঠোর শাসন ও শৃঙ্খলাপূর্ণ লালন-পালন।’

সন্তান ও নাতি-নাতনিদের বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে উৎসাহিত করার পাশাপাশি পরিবারটির ঐক্য ধরে রাখতেও বিশেষ উদ্যোগ নিয়েছিলেন লু দম্পতি। ছুটির দিন এবং বিভিন্ন উৎসবে পরিবারের সব সদস্যকে একত্র হওয়ার নিয়ম চালু করেছিলেন তাঁরা। বাবা-মা দুজনের মৃত্যুর পরও সেই ঐতিহ্য ধরে রেখেছেন ভাইবোনেরা। এখন তাঁরা পালা করে নিয়মিত পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন।

এক রাবার বাগানের শ্রমিক দম্পতির সন্তানদের হাত ধরে চিকিৎসক হওয়ার যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ ছড়িয়ে পড়েছে কয়েক প্রজন্মে। ৬১ চিকিৎসকের এই পরিবার শুধু একটি ব্যতিক্রমী সাফল্যের গল্প নয়; বরং শিক্ষা, অধ্যবসায় ও পারিবারিক ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত।

সূত্র: ভিএনএক্সপ্রেস

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।