সর্বশেষঃ

ভোলায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মো: সোহেল রানা : 

ভোলার সদর উপজেলার গুইংগারহাট বাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে প্রায় ১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুইংগারহাট কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়া প্রসিকিউশন দেন। অভিযানে ভোলা সদর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে মেসার্স মনির স্টোরের মালিক মো. মনিরকে (৪৫) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন ও বিতরণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ক (খ) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি দোকান থেকে আনুমানিক ১৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।