
মো: সোহেল রানা :
ভোলার চরফ্যাশনে অসহায় কৃষকদের রোপণ করা ধানের চারা নষ্ট করা এবং হামলা-মামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আজ বেলা সাড়ে ১২টায় চরফ্যাশন-শশীভূষণ মহাসড়কের বিদ্যুৎ উপকেন্দ্র সংলগ্ন এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত শত শত কৃষক অভিযোগ করেন, স্থানীয় ইমাম পাটোয়ারীর নেতৃত্বে এবং যুবদল নেতা রাসেল কমিশনারের সহযোগিতায় দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে একদল সন্ত্রাসী। সম্প্রতি কৃষকরা কষ্ট করে ধানের চারা রোপণ করলেও তা পুনরায় নষ্ট করে দেওয়া হয়েছে বলে দাবি তাদের।
কৃষকরা জানান, সাধারণ মানুষের এই অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের কথা থাকলেও তা দীর্ঘায়িত করা হচ্ছে। বাধ্য হয়ে ভূমিদস্যু ও হামলাকারীদের অত্যাচার থেকে রক্ষা পেতে স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
তবে জমি দখল ও চারা নষ্টের সহযোগিতার বিষয়ে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদল নেতা মোঃ রাসেল কমিশনার।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ