ভোলায় তথ্যমন্ত্রী পার্থর উদ্যোগে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ

ভোলার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ভোলা-১ আসনের সংসদ সদস্য ,তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থর উদ্যোগে দ্বিতীয় ধাপের ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার ভোলা সদর উপজেলার কাচিয়া, ধনিয়া ও বাপ্তা ইউনিয়নে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল মানুষ, যারা অর্থাভাবে নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তারা উপকৃত হবেন।
স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় অনেক দরিদ্র পরিবার চিকিৎসার সুযোগ পেয়েছেন।তারা এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
দ্বিতীয় পর্যায়ের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক নুর নবী, স্বেচ্ছাসেবক পার্টির ভোলা জেলা আহ্বায়ক হোসেন মিঝি, যুব সংহতির ভোলা জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা সদস্যসচিব আবুল বাশার বুলবুল, মো. নাজিম সরদার এবং উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক পারভেজ অনুপম দত্তসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে ভোলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।
