সর্বশেষঃ

দৌলতখানে ১০৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭টিতেই নেই প্রধান শিক্ষক, বছরের পর বছর ভারপ্রাপ্তদের দিয়ে চলছে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম

মোঃরাশেদ খান:: দৌলতখান ।।

ভোলার দৌলতখান উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৭টিতেই নেই প্রধান শিক্ষক। বছরের পর বছর পদগুলো শূন্য থাকায় সহকারী শিক্ষকদের দিয়ে চলছে প্রধান শিক্ষকের দায়িত্ব। এতে একদিকে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে স্বাভাবিক পাঠদানেও নেতিবাচক প্রভাব পড়ছে।

উপজেলার প্রধান শিক্ষকবিহীন বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে দৌলতখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান।

দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। পাঠদানের পাশাপাশি দাপ্তরিক ও প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে নানা জটিলতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের সময় নিয়োগ ও পদ সৃষ্টির বিষয়টি অন্তর্ভুক্ত হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি রেজিস্টার্ড বিদ্যালয়গুলোর সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মামলা চলমান থাকায় নিয়োগ কার্যক্রমেও প্রভাব পড়ছে বলে জানা গেছে।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো.ফরহাদ হোসেন নোমান বলেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্বের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একজন সহকারী শিক্ষকের পক্ষে পাঠদানের পাশাপাশি একটি প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা কঠিন। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় বিদ্যালয় পরিচালনায় নানা সমস্যা দেখা দিচ্ছে। তাই দ্রুত শূন্য পদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহির উদ্দিন বলেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এ বিষয়ে সরকার আন্তরিক। শূন্য পদ পূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই শূন্য পদগুলো পূরণ করা হবে।

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের দাবি, বছরের পর বছর প্রধান শিক্ষক ছাড়াই বিদ্যালয় পরিচালিত হওয়ায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন করে ৬৭টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় প্রাথমিক শিক্ষার মান ও বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।