সর্বশেষঃ

রাতের আকাশে এখন তারার থেকে বেশি স্যাটেলাইট দেখা যায়, দাবি গবেষকদের

রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি দেখা যাচ্ছে স্যাটেলাইট বলে দাবি করেছেন একদল গবেষক। পৃথিবীর কক্ষপথে একের পর এক স্যাটেলাইট যুক্ত হওয়ায় ক্রমেই বদলে যাচ্ছে রাতের আকাশের চিত্র।

এতে শুধু মহাকাশপ্রেমীদের তারার সৌন্দর্য উপভোগই ব্যাহত হচ্ছে না, বরং দূরবর্তী মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণেও তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। বিজ্ঞানীদের আশঙ্কা, এভাবে কৃত্রিম উপগ্রহের সংখ্যা বাড়তে থাকলে মহাবিশ্ব পর্যবেক্ষণের সুযোগও কমতে থাকবে।

প্রকৌশল প্রতিষ্ঠান অ্যাকু কম্পোনেন্টসের এক নতুন বিশ্লেষণে উঠে এসেছে এমন চিত্র। গত অক্টোবরে, সংগ্রহ করা স্যাটেলাইটের কক্ষপথসংক্রান্ত তথ্য ব্যবহার করে যুক্তরাজ্যের ১৮৬টি শহর-জনপদের আকাশ পর্যবেক্ষণ করেন গবেষকেরা।

তবে আকাশে থাকা সব উপগ্রহ খালি চোখে দেখা যায় না। গবেষণায় দেখা গেছে, গড়ে মাত্র ১০৫টি উপগ্রহ সূর্যের আলো প্রতিফলিত করার কারণে দৃশ্যমান  হয়। বাকিগুলোর অনেকগুলোই এতটা অনুজ্জ্বল যে খালি চোখে সেগুলো শনাক্ত করা সম্ভব নয়।

রাতের বিভিন্ন সময়ে উপগ্রহের দৃশ্যমানতাও পরিবর্তিত হয়। সূর্যাস্তের পরপর এবং সূর্যোদয়ের ঠিক আগের সময়ে এগুলো তুলনামূলক সহজে দেখা যায়। কারণ, তখন ভূপৃষ্ঠ অন্ধকারে থাকলেও আকাশের ওপরের অংশে থাকা উপগ্রহগুলো সূর্যের আলো পায়।

স্যাটেলাইটের বড় অংশই স্টারলিংকের

বিশ্লেষণ অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে সক্রিয় মোট উপগ্রহের প্রায় ৭০% ইলন মাস্কের মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের। ২০১৯ সালের, শেষ দিকে, স্টারলিংকের উপগ্রহের সংখ্যা ছিল মাত্র ১২০টি। অথচ ২০২৬ সালের অক্টোবরে এ সংখ্যা বেড়ে ১১ হাজার ছাড়িয়েছে।

স্যাটেলাইটের সংখ্যা বৃদ্ধির প্রভাব শুধু রাতের আকাশ দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। জ্যোতির্বিজ্ঞানীদের ধারনা, উপগ্রহের উজ্জ্বল আলোর রেখা টেলিস্কোপে ধারণ করা ছবির মান নষ্ট করছে। কখনো কখনো এসব আলোর রেখা দূরবর্তী ছায়াপথের দৃশ্যও আড়াল করে দিচ্ছে। এমনকি, পৃথিবীর জন্য সম্ভাব্য বিপজ্জনক মহাজাগতিক বস্তু শনাক্ত ও পর্যবেক্ষণের কাজেও বিঘ্ন ঘটতে পারে।

গত জুলাইয়ে, ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির পৃথক এক গবেষণায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে আরও ১৭ লাখের বেশি উপগ্রহ লঞ্চের প্রস্তাব বাস্তবায়িত হলে জ্যোতির্বিজ্ঞান গবেষণায় গুরুতর ব্যাঘাত ঘটতে পারে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।