ভোলায় নারী ও শিশু উন্নয়নসহ সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে উঠান বৈঠক
ভোলায় নারী ও শিশু উন্নয়নসহ সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে উঠান বৈঠক

ভোলায় নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর টিকাদান এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর ২০২৬ তারিখে জেলা তথ্য অফিস, ভোলার আয়োজনে GPMS কর্মপরিকল্পনার আওতায় ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অমলানন্দ আশ্রমে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী। সভায় বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক শ্রী পলাশ দাশ।
সভায় বক্তারা সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের বিভিন্ন পদক্ষেপ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়া নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, প্রাকৃতিক দুর্যোগের সময় নারী ও শিশুদের সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ, শিশুর পাঁচ ডোজ টিকা নিশ্চিত করা, প্রান্তিক জনগোষ্ঠীকে টিকাদানে উদ্বুদ্ধকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা ও সমাধান এবং পানিতে ডুবে শিশু মৃত্যুর কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কুফল, নারীর শিক্ষার উন্নয়ন, অংশগ্রহণমূলক সমাজ বিনির্মাণে নারীর অবদান, সুষম খাবার গ্রহণ এবং উদ্যান ও ফসল চাষের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক ডকুড্রামা প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিতদের বিভিন্ন সমসাময়িক বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
