সর্বশেষঃ

চাঁদের মাটিতে ফলল আলু! সাফল্য NASA-র গবেষকদের, তালিকায় আর কোন কোন সব্জি?

চাঁদের মাটিতে আলু ফলিয়ে সাফল্য পেলেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে দীর্ঘদিন থাকার ক্ষেত্রে খাবারের চিন্তা অনেকটাই কমবে বলে দাবি মহাকাশচারীদের। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র সহায়তায় এই গবেষণা চালিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। বৃহস্পতিবার ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ (npj Microgravity) জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। চাঁদ থেকে আনা পাঁচ রকমের মাটিতে গবেষকরা ‘মোডক’ (Modoc) প্রজাতির আলু ফলিয়েছেন। লালচে খোসা ও সাদা শাঁসের এই আলু খুব দ্রুত বড় হয়। আর ফলও মিলেছে হাতেনাতে।

চাঁদের মাটিতে চাষ কেন কঠিন?

চাঁদের পৃষ্ঠ ‘রেগোলিথ’ (Regolith) নামক পাথরকুচি ও ধুলোয় ঢাকা। পৃথিবীর মাটির মতো চাঁদের মাটিতে কোনও জৈব পদার্থ বা নাইট্রোজেন থাকে না। উল্টে তামা-সহ নানা ভারী ধাতু রয়েছে, যা ফসলের জন্য বিষাক্ত। তাই শুধু চাঁদের মাটিতে আলুর শিকড় বা কন্দ কিছুই গজায়নি। এই সমস্যা মেটাতে গবেষকরা চাঁদের মাটির সঙ্গে ‘ভার্মিকম্পোস্ট’ বা কেঁচো সার (রেড উইগলার কেঁচো দিয়ে তৈরি) মেশান। দেখা যায়, মাত্র ৫ শতাংশ সার মেশাতেই আলুর শিকড় গজাতে শুরু করেছে। আর ৩০ শতাংশ সার মেশাতেই পৃথিবীর মাটির মতো দারুণ ফলন হয়েছে।

চাঁদে ঘাঁটি গড়ার প্রস্তুতি ও আলুর গুণাগুণ

২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে চায় NASA। ২০৩০ সালের আগে একই লক্ষ্য নিয়েছে চিনও। চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু পৃথিবী থেকে সব খাবার বয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তাই চাঁদেই চাষাবাদ জরুরি। বিজ্ঞানীদের মতে, আলু থেকে প্রচুর ক্যালোরি পাওয়া যায়। এতে কলার চেয়েও বেশি পটাশিয়াম, ভিটামিন সি, প্রোটিন এবং ফাইবার রয়েছে। এমনকী আলু খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে।

চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন?

গ্রিনহাউসের ছোট টবে এই পরীক্ষা চালানো হয়েছিল। ফলে আলুগুলির ওজন ১০ গ্রামের কম হয়েছে। বিজ্ঞানীরা এখনও সেই আলু চেখে দেখেননি, সবই ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে, এই আলু খাওয়ার জন্য নিরাপদ এবং পুষ্টিগুণও অটুট রয়েছে। তবে কয়েকটি নমুনায় সামান্য ভারী ধাতু মেলায় আরও নজরদারি প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

মহাকাশে আলু চাষের চেষ্টা অবশ্য নতুন নয়। ২০১৭ সালে পেরুর আন্তর্জাতিক আলু কেন্দ্র জানিয়েছিল, মঙ্গল গ্রহের পরিবেশেও আলুর অঙ্কুরোদ্গম সম্ভব। চলতি বছরের শুরুতে NASA-র মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) প্লাস্টিকের ব্যাগে একটি বেগুনি আলু ফলিয়েছিলেন। তার নাম দিয়েছিলেন ‘স্পাডনিক’। অভিকর্ষ না থাকায় সেটির শিকড় নীচের বদলে উপরের দিকে উঠে গিয়েছিল। পেটিট জানিয়েছিলেন, হলিউডের ‘দ্য মার্শিয়ান’ সিনেমায় অভিনেতা ম্যাট ডেমনের আলু চাষ দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন।

শুধু আলু নয়, তালিকায় রয়েছে আরও ফসল

চাঁদের মাটিতে আলুর পাশাপাশি অন্যান্য ফসল নিয়েও কাজ চলছে। গত মার্চেই কেঁচো সার মিশিয়ে চাঁদের মাটিতে ছোলা (Chickpeas) ফলানো হয়েছিল। এ ছাড়া টমেটো, লেটুস এবং আলফালফা নিয়েও গবেষণা চলছে। এই গবেষণার সহ-লেখক ডেভিড হ্যান্ডি জানিয়েছেন, এই প্রযুক্তি পৃথিবীরও কাজে লাগবে। মরুভূমি, ঘনবসতিপূর্ণ শহর এবং দূষিত অনুর্বর জমিতে ফসল ফলাতে এই পদ্ধতি দারুণ কার্যকরী হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।