ভোলার গরীবের ডুবাই বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধ/সে ২ বন্ধু নিখোঁজ।
মনপুরায় নদীর পাড় থেকে হাত-পা-মুখ বাঁধা যুবক উদ্ধার

মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মো. শান্ত (২৫) নামে এক যুবককে নদীর পাড় থেকে উদ্ধার করেছেন স্থানীয় কয়েকজন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারসংলগ্ন পূর্ব নদীর পাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে গুরুতর অবস্থায় শান্তকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, হাসপাতালে নেওয়ার পরও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
উদ্ধার হওয়া শান্ত ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. শাহাবুদ্দিনের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে কয়েকজন নৌকা নিয়ে নদীর পাড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা নদীর পাড় থেকে গোঙানির মতো শব্দ শুনতে পান। পরে নৌকা থেকে আলো ফেললে পাড়ে একজনকে পড়ে থাকতে দেখেন তারা। কাছে গিয়ে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান।
উদ্ধারকারী মো. লিটন মাঝি বলেন, নদীর পাড় থেকে গোঙানির শব্দ শুনে তারা সেখানে যান। পরে আলো ফেললে একজনকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তার হাত-পা ও মুখ বাঁধা এবং দুই হাত একটি খুঁটির সঙ্গে বাঁধা দেখতে পান। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তবে শান্তকে কীভাবে সেখানে নেওয়া হয়েছে, কারা তাকে বেঁধে রেখে গেছে কিংবা এর পেছনে কী কারণ রয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি। শান্তর জ্ঞান ফেরার পর তার কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
