সর্বশেষঃ

ভোলার গরীবের ডুবাই বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধ/সে ২ বন্ধু নিখোঁজ।

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নদীর পাড় ধসে পানিতে তলিয়ে দুই বন্ধু নিখোঁজ হয়েছেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। নিখোঁজ দুজনের একজন বিজিবির সদস্য।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের নদীর পাড় এলাকায় ‘গরীবের দুবাই’ নামে পরিচিত চায়না ইপিজেড বালু মাঠে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রাকিব (২২) এবং ভোলার কালিবাড়ি রোড এলাকার ইনজামুমামুল হক ওরফে আমহাদ (২৮)। আমহাদ বিজিবির সদস্য। তাঁর বাবার নাম মো. ইব্রাহিম এবং মায়ের নাম বিবি মরিয়ম। রাকিবের বাবার নাম মো. বাবুল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় পাঁচ বন্ধু নদীর পাড়ে বসে মোবাইলে গেম খেলছিলেন। একপর্যায়ে হঠাৎ নদীর পাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে তাঁদের বসার স্থানসহ পাঁচজনই পানিতে পড়ে যান। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও রাকিব ও আমহাদ পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে ভোলা সদর ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড দক্ষিণ জোনের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘণ্টা নদীতে তল্লাশি চালানো হলেও নিখোঁজ দুই বন্ধুর সন্ধান পাওয়া যায়নি।

কোস্ট গার্ড দক্ষিণ জোন জানিয়েছে, রাত বেশি হওয়ায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

এদিকে দুই বন্ধুর নিখোঁজ হওয়ার খবরে তাঁদের স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। রাতেও নদীর পাড়ে অপেক্ষা করছিলেন স্বজন ও স্থানীয় লোকজন। তাঁদের উদ্ধারে দ্রুত অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।