বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে

মোঃ জাহিদ দুলাল : লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় হামলা ও জখমের শিকার হয়েছেন বাবা ও ছেলেরা। গুরুতর জখম হয়ে লালমোহন হাসপাতালে ভর্তি হয়েছেন ছেলে নুরনবী (৩৫)।
ঘটনার সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া বাজারের স্কুল রোডে রাস্তার পাশে জেলা পরিষদের জায়গায় ডিসিআর কেটে দোকান ঘর তৈরী করে দীর্ঘ প্রায় ৪০ বছর পর্যন্ত ভোগ দখল করে আসছেন মো. আলমগীর মুন্সি (৬০)। স্থানীয়রা তাকে ঘড়ির মিকার হিসেবে চিনেন।
ঘড়ির মেকার আলমগীর মুন্সি জানান, আমি জেলা পরিষদ থেকে বরাদ্ধ নিয়ে এই যায়গায় দোকানঘর তৈরী করে দীর্ঘ প্রায় ৪০ বছর পর্যন্ত ঘড়ি মেরামতের কাজ করে আসছি। আমার দোকান ঘরটি পুরাতন হওয়ার কারণে ঘরটি হেলে পড়ে। এজন্য রবিবার (২২ নভেম্বর) সকালে দোকান ঘরটি মেরামতের কাজ শুরু করি। বেলা ১২ টার দিকে এলাকার আওয়ামীলীগের পদধারী নেতা শাকিল বেপারীর নেতৃত্বে, নুরনবী বেপারী, মনির বেপারী, গনি বেপারী,আবদুল্লাহ ও সুরেশ চন্দ্র রবিদাস একত্র হয়ে আমাকে দোকনের কাজ বন্ধ করতে বলে। আমি কাজ কেন বন্ধ করবো এই কথা বলতে তারা বলে এখানে দোকানে কাজ করতে হলে আমাদেরকে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। আমি তখন তাদেরকে বলি আওয়ামীলীগের সময় আমার প্রতি আপনারা অনেক অত্যাচার করেছেন, বাড়ির গাছ কেটে নিয়েছেন, পুকুরের মাছ ধরে নিয়ে গেছেন। এখন বিএনপির সময় চাঁদা চাচ্ছেন। এই কথা বলার পর তারা সকলে মিলে আমাকে মারধর শুরু করে। আমার চিৎকার শুনে আমার ছেলে নুরনবী এবং মনির আসলে তারেকেও মারধর করে। এক পর্যায়ে আমার ছেলে নুরনবীকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দিতে গেলে সে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার বাম হাতে কোপ লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। আমাদের চিৎকারে বাজারের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা আমার কাছে থাকা ৪০ হাজার টাকা এবং আমাদের দুইটি স্মার্ট ফোন নিয়ে যায়। এসসয় তারা বলতে বলতে যায় চাঁদা না দিলে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
আলমগীর মুন্সি আরো জানান, আমরা মার খেয়ে উপজেলা বিএনপির সভাপতির বাসায় গেলে তিনি আমাদের অবস্থা দেখে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় যাওয়ার জন্য বলেন। আমরা হাসপাতালে যাওয়ার পথে থানায় ওসির সাথে গিয়ে ঘটনার কথা জানালে তিনি আমাদেরকে বলেন আগে আপনারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এরপর থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমরা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার পর নুরনবীর অবস্থা খারাপ দেখে তাকে সাথে সাথে ভর্তি করায় এবং আমি ও মনির প্রাথমিক চিকিৎসা নিয়ে বিএনপির সেক্রেটারি বাবুল পাঞ্চায়েতকে ঘটনার বিবরণ বলি। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
এর আগে আওয়ামীলীগের সময় আমাকে শাকিল বেপারী আওয়ামীলীগে যোগ না দেয়ার কারণে বেদমভাবে পিটিয়ে আমার বাম পা ও মাঝা ভেঙে দেয়। আমার পা ও মাঝায় এখনো লোহার রড লাগানো রয়েছে। এছাড়া তারা তখন আমার বাড়ি থেকে প্রায় একলাখ টাকার গাছ কেটে নিয়ে যায় এবং দুইবার পুকুরের মাছ ধরে নিয়ে যায় যার বাজার মূল্য দেড় লাখ টাকা হবে। আমি এইসকল ঘটনার উপযুক্ত বিচার চাই। ছেলে সুস্থ হলে আমি আইনের আশ্রয় নিব।
ঘটনার ব্যাপারে শাকিল বেপারীরকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ঘরটি নিয়ে ঝামেলা অনেক দিন থেকে চলে আসছে। মুল ঝামেলা সুরেশ চন্দ্রের সাথে। তবে আজকে তার সাথে আমাদের কথার কাটাকাটি হয়। তার ছেলের হাত কাটার বিষয়টি আমাদের বোধগম্য নয়। চাঁদা সংক্রান্ত ও অন্যান্য অভিযোগগুলো সত্য নয়।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম বলেন, ঘটনাটি শুনেছি তবে এখনো এ ব্যাপারে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
