৩৩ বছরেও আধুনিক ভবন পায়নি চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়
মনপুরায় দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি দুই ইঞ্জিনবিশিষ্ট কাঠের নৌকা, দা, চাপাতি, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ও চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) মনপুরা থানার পুলিশ বদনার চর ও জংলার খালের মধ্যবর্তী মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মনপুরা থানা সুত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালায় পুলিশের একটি টিম। মনপুরা থানার এসআই শুভ্রদেব কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহাদী এলাকার জাহিদুল ইসলাম (৩৪), শাহিন সিকদার (২৭), সায়েম গাজী (২৪), পূর্ব লক্ষ্মীপুর এলাকার মো. আনিস মুসল্লী (৩৪), কাটখালী-চরহাদী এলাকার নাঈম হোসেন (২৪) এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরগাছিয়া এলাকার রিয়াজ ফকির (৩১)। অভিযানে একটি ৩৯ ফুট দীর্ঘ দুই ইঞ্জিনবিশিষ্ট কাঠের নৌকা, তিনটি দা, দুটি লোহার পাইপ, দুটি চাপাতি, একটি ছোরা, একটি প্লাস্টিকের খালি মদের বোতল এবং একটি প্লাস্টিকের বস্তায় থাকা কংক্রিটের ছোট ছোট ব্লক ও ভাঙা চাকতি উদ্ধার করা হয়। নৌকাটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
