ভোলার গরীবের ডুবাই বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধ/সে ২ বন্ধু নিখোঁজ।
ভোলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলার বাণী রিপোর্ট ॥
ভোলার বিভিন্ন উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে মোট ৮৭ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর ভোলার দুলারহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ২৭ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে।
অন্যদিকে, ভোলা সদর মডেল থানাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ মোঃ মনির (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ নাঈম (১৯) ও মোঃ ইয়ামিন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ সেপ্টেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সামনে পরানগঞ্জ বাজার-ভেদুরিয়া ফেরিঘাট সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
লালমোহনেও পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার কিচেন মার্কেট এলাকা থেকে ১৩ পিস ইয়াবাসহ মোঃ মহিন উদ্দিন (২৬)-কে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সমিতির মাঠ এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ আব্দুল আহাব (১৯)-কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং ৯ সেপ্টেম্বর সকালে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মনপুরায় ৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫৫০ টাকাসহ মোঃ জামাল সিকদার (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এছাড়া দৌলতখান থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ ইমন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরখলিফা মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
