ভোলার গরীবের ডুবাই বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধ/সে ২ বন্ধু নিখোঁজ।
শরতের আলোয় ফোটা জলজ পদ্ম, রূপের মেলা

ভোলার বাণী ডেস্ক ॥
শরতের নরম আলো আর নীল আকাশের ক্যানভাসে রূপের রূপকথা মেলে ধরেছে সিরাজগঞ্জের জলধারাগুলো। বিলের নীল জলে হাজার হাজার পদ্মের প্রস্ফুটন যেন এক মায়াবী রূপপুরীর জন্ম দিয়েছে। বিশেষ করে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়া দিঘি এলাকার ‘বাঘমারা পদ্মবিল’ রূপপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের কাছে হয়ে উঠেছে এক টুকরো স্বর্গের প্রতিচ্ছবি। বিস্তৃত বিলজুড়ে ফুটে থাকা গোলাপি ও রেশমি পদ্ম, চারপাশের হিমেল হাওয়া আর নির্জন প্রকৃতির স্নিগ্ধতা প্রতিদিন হাজারো দর্শনার্থীকে মুগ্ধতার বন্ধনে বাঁধছে। ভোররাতের কুয়াশাভেজা আলো থেকে শুরু করে গোধূলির রক্তিম আভা পর্যন্ত বিলে বিকেলের রূপ উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন সৌন্দর্যপিয়াসী মানুষ।
শরতের আবির্ভাবে বাঘমারা পদ্মবিলের চারপাশ এক অলৌকিক সৌন্দর্যের সাজে সেজেছে। কাঁচস্বচ্ছ পানির বুকে সারি সারি পদ্ম ও গাঢ় সবুজ পাতার মেলবন্ধন এক অপূর্ব নয়নাভিরাম পরিবেশের সৃষ্টি করেছে। মৃদু বাতাসে দুলে ওঠা ফুলগুলোর সৌন্দর্য কাছ থেকে দেখতে অনেকেই ডিঙ্গি নৌকায় করে ভেসে পড়ছেন বিলের বুকে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে আনন্দঘন মুহূর্ত কাটানোর পাশাপাশি ক্যামেরার ফ্রেমে বন্দী করছেন প্রকৃতির এই রঙিন উপহার।
স্থানীয় অধিবাসীরা জানান, মাত্র কয়েক বছর আগেও বাঘমারা পদ্মবিলের এই নয়নাভিরাম রূপের খবর খুব বেশি মানুষের জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও লোকমুখে এর রূপের গল্প ছড়িয়ে পড়ার পর থেকে এখানে প্রতিদিন বাড়ছে প্রকৃতিপ্রেমীদের সমাগম। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিলের চারপাশ জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, বাঘমারা পদ্মবিলের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে একেবারে ভোরের আলোয়। ভোরের স্নিগ্ধতায় পদ্মের প্রস্ফুটিত রূপ আর বিলে জেগে ওঠা কুয়াশার আবছায়া দৃশ্য সবচেয়ে বেশি মনকাড়ে। সকালে ডিঙ্গি নৌকায় ঘুরে বেড়ানোর অনুভূতির সাথে অন্য কিছুর তুলনা হয় না। শহরের যান্ত্রিক জীবন আর ব্যস্ততার ক্লান্তি থেকে একচিলতে স্বস্তি ও প্রশান্তি খুঁজে নিতে পরিবারকে নিয়ে এই পদ্মবিলে ছুটে এসেছেন ইমরান হোসেন। তিনি অভিভূত কণ্ঠে বলেন, “নৌকায় ভেসে পদ্মের সৌরভে ঘুরে বেড়ানো আর প্রিয়জনদের সাথে সুন্দর কিছু সময় কাটানোর অভিজ্ঞতা সত্যি অসাধারণ। পদ্মফুল আর বিলে ফুটে থাকা প্রকৃতির এই অপূর্ব মেলবন্ধন দেখলে মনে হয় সত্যিই যেন কোনো স্বর্গের রাজ্যে হারিয়ে গেছি।
পদ্মফুলের বৈজ্ঞানিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কথা তুলে ধরে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্ত বলেন, “পদ্ম মূলত বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। বিলের পানি বৃদ্ধির সাথে সাথে এই গাছের গুঁড়ি ও ডালপালাও দ্রুত বাড়তে থাকে। একেকটি ডালে নির্দিষ্ট একটি করে ফুল ফোটে, যা সাধারণত সাদা, লাল কিংবা নীলচে গোলাপি বর্ণের হয়ে থাকে। ফুটন্ত পদ্মে একজাতীয় প্রাকৃতিক মিষ্টি সুবাস থাকে।
রাতে বা ভোরের দিকে ফুলটি পূর্ণাঙ্গভাবে পাপড়ি মেলে ধরে এবং বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতায় আবার কিছুটা সংকুচিত হয়ে যায়; তবে বিকেল গড়ালে রোদের তাাপ কমলে এটি পুনরায় বিকশিত হয়। বর্ষায় শুরু হয়ে পুরো শরৎ ও হেমন্তকাল জুড়ে বিলে পদ্ম দেখা যায়। তিনি আরও যোগ করেন, “সনাতন ধর্মালম্বীদের কাছে পদ্ম অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধেয় একটি ফুল। বিশেষ করে আসন্ন দুর্গাপূজায় দেবীর চরণে পদ্ম নিবেদনের ব্যাপক চাহিদা থাকে। ফলে এই মৌসুমে বিল থেকে পদ্ম সংগ্রহ ও বাজারে বিক্রির মাধ্যমে এলাকার অনেক প্রান্তিক মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকেন।
প্রকৃতির এই নৈসর্গিক দান সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. জেরিন আহমেদ বলেন, “মূলত পরিযায়ী ও দেশীয় পাখিদের মাধ্যমে প্রাকৃতিকভাবে বিলে বীজ ছড়িয়ে পড়ে এই পদ্মের বংশবিস্তার ঘটেছে।
একদিকে প্রকৃতির এই অপার সৌন্দর্য দর্শনার্থীদের মনকে অফুরন্ত প্রশান্তি ও আনন্দ দিচ্ছে, অন্যদিকে স্থানীয় অনেকের জন্য সৃষ্টি হয়েছে বিকল্প আয়ের পথ। এই পদ্মবিল কেবল সাধারণ কোনো জলাশয় নয়; এটি পরিবেশ, সৌন্দর্য ও গ্রামীণ জীবনের এক অপূর্ব রূপময় মেলবন্ধন।
এলাকার সচেতন মহলের মতে, প্রকৃতির এই বিরল রূপ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সিরাজগঞ্জের পদ্মবিলগুলোকে ঘিরে যদি পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলা যায়, তবে তা অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। একই সাথে বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং যথেচ্ছভাবে পদ্মফুল তুলে ফেলা বন্ধে নজরদারি বাড়িয়ে কার্যকর সংরক্ষণ উদ্যোগ নেওয়ারও জোর দাবি জানান তারা।
