বোরহানউদ্দিনে ৭৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে উপজেলার টবগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টবগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, রাতের অভিযানে ওই এলাকার শিমুল নামের এক ব্যক্তির বসতঘরের সামনের পাকা সড়ক থেকে মো. হাসানকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হাসান টবগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার মো. শরীফের ছেলে।
বোরহানউদ্দিন থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
