সর্বশেষঃ

ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বলগেট জব্দ

মো: মঞ্জুর আলম, স্টাফ রিপোর্টার

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি লোডড্রেজার ও একটি বলগেট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর একটি এলাকায় অভিযান চালিয়ে এসব নৌযান জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, অভিযানের সময় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ছয়টি লোডড্রেজার ও একটি বলগেট শনাক্ত করা হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দ করা নৌযানগুলো কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়।

কোস্টগার্ড সূত্র আরও জানায়, নদী ও উপকূলীয় এলাকায় অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, অনুমোদন ছাড়া নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর তীর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। এতে নদীভাঙনের ঝুঁকিও বাড়ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।