বোরহানউদ্দিনে ৪৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল মন্নান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়।
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুল মন্নানের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল মন্নান টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তিনি মো. বাদশা মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আব্দুল মন্নানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় মামলা করা হয়েছে। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
