ভোলায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্য

ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত দুই শিশু হলো মোসাম্মৎ মাহা (৮), পিতা মো. শাহিন এবং মোসাম্মৎ তানহা আক্তার (৯), পিতা আব্দুল গনি। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজন ও স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের ঘাটলা থেকে পিছলে পানিতে পড়ে তারা ডুবে যায়। পরে তানহার মরদেহ পানিতে ভেসে ওঠে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও নিকটাত্মীয়রা পুকুর থেকে মাহার মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
