গাছ ছাঁটাই করতে গিয়ে ৩০ ফুট ওপর থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

ভোলায় বাড়ির পাশে রেইনট্রি গাছের ডাল ছাঁটাই করতে গিয়ে প্রায় ৩০ ফুট ওপর থেকে পড়ে ওয়ালী উল্ল্যাহ (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আনন্দ পার্ট-৩ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়ালী উল্ল্যাহ ওই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নুর মোহাম্মদ। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ স্বজন রেখে গেছেন।
স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ওয়ালী উল্ল্যাহ সকালে জীবিকার তাগিদে একই এলাকার হোসেন ব্যাপারীর বাড়িতে দিনমজুরির ভিত্তিতে গাছ কাটার কাজ নেন। কাজের একপর্যায়ে একটি বড় রেইনট্রি গাছের ডাল ছাঁটাই করতে প্রায় ৩০ ফুট ওপরে ওঠেন তিনি। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে বরিশালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নয়ন চন্দ্র রায় বলেন, ওয়ালী উল্ল্যাহর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
নিহতের বড় ছেলে সুমন বলেন, ‘আমার বাবা ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আয়েই আমাদের সংসার চলত। এখন বাবা মারা যাওয়ায় আমরা এতিম হয়ে গেলাম, আমার মা বিধবা হলেন। এখন কে আমাদের সংসার চালাবে? বাবার মৃত্যুতে আমাদের সামনে অন্ধকার নেমে এসেছে।’
ওয়ালী উল্ল্যাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর প্রতিবেশী অঙ্কুর রায় বলেন, গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসার জন্য নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশীর আহমেদ বলেন, গাছ থেকে পড়ে ওয়ালী উল্ল্যাহ নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
