লালমোহনে রেডক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহশিক্ষা কার্যক্রমের আওতায় ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের রেডক্রিসেন্ট টিমের ইনচার্জ মো. সাঈদ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য জাকির জুয়েল, লালমোহন রেডক্রিসেন্ট টিমের দলনেতা মো. ফরহাদ হোসেন, উপদলনেতা-১ জোনায়েদ আহমেদ ও উপদলনেতা-২ খাদিজা আক্তারসহ রেডক্রিসেন্টের যুব সদস্যরা।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে প্রাথমিকভাবে করণীয়, মৌলিক চিকিৎসা এবং দুর্ঘটনা বা সংকটকালীন সময়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে ধারণা দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বাস্তব জীবনে জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ করে তুলতে এ ধরনের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
