সর্বশেষঃ

চরফ্যাশনে মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের নির্বাচন, ৭ পদে লড়ছেন ২৬ প্রার্থী

ভোলার চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের সাধারণ নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাঁচজন, সাংগঠনিক সম্পাদক পদে ১০ জন, দপ্তর সম্পাদক পদে দুজন, প্রচার সম্পাদক পদে দুজন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী পদে তিনজন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৭০ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চরফ্যাশন উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৭০টি।

সকাল থেকেই ভোটকেন্দ্রে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি দেখা গেছে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তবে এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তারা।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর চর মানিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ চলবে।”

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।