দৌলতখানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মাদক বিক্রির ৩৮ হাজার ৯০০ টাকা উদ্ধার

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩৮ হাজার ৯০০ টাকা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দৌলতখান থানা-পুলিশের একটি দল বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো. হাসান রাঢ়ী (৩০) ও মো. সোহেল (৩০)। হাসান রাঢ়ীর বাবার নাম মো. নিরব হোসেন এবং সোহেলের বাবার নাম মো. বশির। অপরজন দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. মমিন বিশ্বাস (৩০)। তাঁর বাবার নাম মো. কাঞ্চন বিশ্বাস এবং মায়ের নাম জিনু বেগম।
পুলিশের ভাষ্য, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০টি অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৩৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওবায়েদুল হক।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।
