ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা
ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন ভোলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাদ্দাম হোসাইন। পেশায় জেলে সাদ্দাম হোসাইন স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সংসার চালাতেন। অসুস্থতার কারণে তাঁর পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের পথচলা সংগঠন’।
সংগঠনটির পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্ত সাদ্দাম হোসাইনের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে অসুস্থ সাদ্দাম ও তাঁর পরিবারের কঠিন সময়ে কিছুটা হলেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি।
সাদ্দাম হোসাইন পেশায় একজন জেলে। মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি। তাঁর পরিবারে রয়েছে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন অসুস্থতায় চিকিৎসা ও সংসারের ব্যয় বহন করা পরিবারটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এমন সংকটময় সময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে ‘তারুণ্যের পথচলা সংগঠন’। সংগঠনটির সদস্যরা সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সংগঠনটির স্লোগান ‘দূর হোক দারিদ্র্যতা, বেঁচে থাকুক মানবতা।’ এই স্লোগানকে ধারণ করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
মানবিক এই উদ্যোগের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত সাদ্দাম হোসাইনের পরিবার কিছুটা স্বস্তি পাবে, এমন প্রত্যাশা। পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
মানুষ মানুষের জন্য এই চেতনাকে ধারণ করে মানবতার সেবায় ‘তারুণ্যের পথচলা সংগঠন’-এর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
