সর্বশেষঃ

ভোলায় মোটরসাইকেল চুরি, নদীপথে পালানোর সময় বরিশালে গ্রেপ্তার ২

ভোলার বোরহানউদ্দিন থেকে ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল চুরি করে নদীপথে বরিশালে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে বরিশাল বন্দর থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে বরিশালের লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. শাকিল হোসেন (২২) ও মো. নিহাদ (১৯)। তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী মো. সিয়াম হোসেন রনি (২১) বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার মিরপুর থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তাঁর ছোট ভাইয়ের ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলটি ভোলার বোরহানউদ্দিন থেকে চুরি করে নদীপথে বরিশালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

কল পাওয়ার পর ৯৯৯-এ দায়িত্বরত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কাছ থেকে মোটরসাইকেলটির জিপিএস ট্র্যাকার থেকে পাওয়া অবস্থান জেনে বরিশাল বন্দর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়।

পরে বরিশাল বন্দর থানার একটি দল মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে বরিশালের লাহারহাট ফেরিঘাটে স্পিডবোট থেকে নামার সময় চুরি যাওয়া মোটরসাইকেলসহ শাকিল ও নিহাদকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভোলার বোরহানউদ্দিন থানার দেউলা হাজিরহাট এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার পাশের সড়ক থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

চুরির পর ভুক্তভোগী তাঁর বড় ভাইকে ফোন করে বিষয়টি জানান। পরে মোটরসাইকেলে থাকা জিপিএস ট্র্যাকার থেকে এর অবস্থান শনাক্ত করে দেখা যায়, সেটি নদীপথে বরিশালের দিকে নেওয়া হচ্ছে। এরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের সহায়তা চান তিনি।

পুলিশের জরুরি সেবার দ্রুত সমন্বয় ও অভিযানের ফলে রাতেই চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।