বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদুর রহমান ওরফে মাকসুদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ মামুন হাওলাদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শহীদ হাওলাদারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাকসুদের দেখানো মতে ঘরের একটি ড্রয়ার থেকে ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাকসুদুর রহমান ওরফে মাকসুদ বোরহানউদ্দিন উপজেলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
