পার্থকে নিয়ে গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিজেপির বিক্ষোভ সমাবেশ

ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিজেপির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্থকে উদ্দেশ করে গোলাম পরওয়ার ‘উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ বক্তব্য দিয়েছেন।

সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত শনিবার (১৩ জুন) ভোলা সফরকালে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে উদ্দেশ করে বিভিন্ন মন্তব্য করেন। সেখানে তিনি অভিযোগ করেন, নির্বাচিত হওয়ার পর পার্থ ভোলার মানুষের কাছে কম আসেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংসদে যথেষ্ট ভূমিকা রাখেন না। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিযোগও তোলেন।

এর প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন বলেন, গোলাম পরওয়ার দায়িত্বশীল রাজনৈতিক অবস্থানে থেকেও ‘অসত্য তথ্য’ উপস্থাপন করেছেন। তিনি দাবি করেন, আন্দালিব রহমান পার্থ সংসদে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন উন্নয়ন ইস্যু তুলে ধরেছেন।

সমাবেশে বক্তারা গোলাম পরওয়ারের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা ভোলার উন্নয়নে আন্দালিব রহমান পার্থের ভূমিকার পক্ষে বক্তব্য দেন।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোত্তাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নুরনবী, ভোলা সদর উপজেলা বিজেপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. বুলবুল। এ সময় বিজেপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।