চরফ্যাশনে হত্যা চেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ঢাকার লালবাগ থেকে গ্রেফতার
হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। রাতের বেলায় সার্চলাইট ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ করছেন বিজিবি সদস্যরা। চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। কাঁটাতারের বেড়া না থাকা সীমান্তবর্তী এলাকাগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
স্থানীয় সূত্রের দাবি, পেট্রাপোল সীমান্তে আয়োজিত একটি সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতার উপস্থিতির খবর প্রকাশের পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এ পরিস্থিতিতে সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির টহলের পাশাপাশি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। এতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন। সমাবেশে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন বক্তারা।
সমাবেশ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্তে গিয়েছিলেন বলে ভারতের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে দাবি করা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ পর্যবেক্ষণ করতে তারা সেখানে গিয়েছিলেন। এ সময় তারা দুই ঘণ্টার বেশি সীমান্ত এলাকায় অবস্থান করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ খবর ছড়িয়ে পড়ার পর বেনাপোল সীমান্ত এলাকায় উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করে বিজিবি। এ সময় বেনাপোল চেকপোস্ট এলাকার টার্মিনালের সামনে অবস্থান নেন স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকায় গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত টহল দিচ্ছেন। তাদের পাশাপাশি স্থানীয় কয়েকজন বাসিন্দাকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সীমান্তসংলগ্ন সড়কে উৎসুক মানুষের ভিড় ছিল। সন্ধ্যার পর সার্চলাইটের আলোয় সীমান্ত এলাকায় নজরদারি চালান বিজিবি সদস্যরা।
রঘুনাথপুর এলাকার বাসিন্দা কৃষক চঞ্চল হোসেন বলেন, সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করতে পারেন বলে তারা শুনেছেন। অবৈধভাবে যাতে কেউ দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবিকে সহযোগিতা করছেন স্থানীয়রা। প্রতিদিন বিজিবির সঙ্গে টহল দিচ্ছেন তারা। কেউ সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, দেশের মানুষ শান্তিতে রয়েছে। পতিত সরকারের লোকজন দেশে ফিরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। রোববার আওয়ামী লীগের নেতাদের সীমান্তে আসার খবর ছড়িয়ে পড়ার পর বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় বাসিন্দারাও তাদের সহযোগিতা করছেন। প্রতিদিন যুবদলের ৪০০ কর্মী সীমান্ত পাহারায় থাকবেন বলে জানান তিনি। বেনাপোলের বাসিন্দারা কাউকে অবৈধভাবে দেশে প্রবেশ করতে দেবেন না বলেও দাবি করেন এই নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের শার্শা, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা মিলিয়ে প্রায় ১৪২ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর বড় একটি অংশে কাঁটাতারের বেড়া নেই। বিজিবির একটি সূত্র জানায়, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভিন্ন পথে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের অনেকে কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। যশোর ও সাতক্ষীরার সীমান্ত ভারতের এসব এলাকার কাছাকাছি হওয়ায় এ পথ দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে ৪৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট। রাতের টহলে ব্যবহার করা হচ্ছে বহনযোগ্য সার্চলাইট। প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দিনরাত টহল আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিজিবির।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কয়েকজন পলাতক নেতা ভারতের পেট্রাপোল এলাকায়
