চরফ্যাশনে হত্যা চেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ঢাকার লালবাগ থেকে গ্রেফতার
স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের জন্য ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি হেলিকপ্টারে রওনা হন। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন। সেখানে তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ অনুশীলন মহড়া পরিদর্শন করবেন। এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পর্যবেক্ষন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের অনুশীলন কার্যক্রম দেখবেন।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত এই অনুশীলন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বাংলাদেশ বিমান বাহিনী বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’ অংশ নেবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ যা স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত এই দ্বীপে ২০১৩ সালে থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ মহড়া এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিন বাহিনীর এই মহড়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা, পেশাদারিত্ব, আন্তঃবাহিনী সমন্বয় এবং সমন্বিত যুদ্ধপ্রস্তুতি কার্যক্রম প্রদর্শিত হবে।
মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
