সর্বশেষঃ

শিশুদের সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষার ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, একটি শিক্ষিত ও উন্নত জাতি বিনির্মাণ করতে হলে আমাদের সন্তানদের যথাযথভাবে গড়ে তুলতে হবে। দেশের আগামীর পথচলা নির্ভর করে শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ বেড়ে ওঠা ও মানসম্মত শিক্ষার ওপর।

সোমবার (২৩ নভেম্বর) নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলডিসি প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, কোনো শিশুই যেন মূল ধারার উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে না পড়ে, সেদিকে সবাইকে বিশেষ নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, এ জনপদের শিশুদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় করতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিক-সামাজিক মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১৬টি এলডিসি শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ময়মনসিংহ ক্লাস্টার এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন লোকাল সেন্টার কমিটি (এলসিসি) বিরিশিরি বিডি-৪০২ প্রকল্পের সভাপতি রেভা. স্টিফেন আশীষ রেমা।

তিনি তার বক্তব্যে বলেন, প্রতিটি শিশুই অসীম সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে। তাদের বিকশিত হওয়ার জন্য প্রয়োজন কেবল একটি নিরাপদ, মমতাময় ও সহায়ক পরিবেশ। সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের (জিবিসি) নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা ও হুইলচেয়ার এবং দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পাশাপাশি তিনি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।