সর্বশেষঃ

চরফ্যাশনে হত্যা চেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ঢাকার লালবাগ থেকে গ্রেফতার

ভোলার চরফ্যাশনে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা হত্যা চেষ্টা মামলার পলাতক প্রধান অভিযুক্তকে ঢাকায় গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন শহীদনগরের বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি মোঃ শওকত হোসেন মাঝি। এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১০, ঢাকার যৌথ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-৮-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় পূর্ববিরোধের জেরে মোঃ আজমুলের পথরোধ করে একদল ব্যক্তি। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় হামলাকারীরা তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে চরফ্যাশন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে এসআরবি-৮-এর ভোলা ক্যাম্প ও এসআরবি-১০-এর সিপিএসসি কোম্পানি, লালবাগ, ঢাকার যৌথ দল অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।