ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে: টানা বৃষ্টিতে ভোলায় ইটভাটায় বিপর্যয়, কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে: টানা বৃষ্টিতে ভোলায় ইটভাটায় বিপর্যয়, কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি

মোকাম্মেল মিশু।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত কয়েক দিনের টানা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভোলার ইটভাটাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতে ইট তৈরি শুরু হওয়া জেলার ৮০টি ভাটার চাতালে শুকাতে দেওয়া কোটি কোটি কাঁচা ইট পানিতে ভিজে গলে নষ্ট হয়ে গেছে। ভাটা মালিকদের দাবি, প্রতিটি ভাটায় ২ থেকে ৩ লাখ কাঁচা ইট নষ্ট হওয়ায় ভাটাপ্রতি ১৫ থেকে ২০ লাখ টাকা হিসেবে জেলায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে, বৃষ্টির কারণে ভাটায় কাঁচা ইট তৈরির কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। এতে চরম আর্থিক সংকটে পড়েছেন মালিক ও শ্রমিক উভয়ই।
মৌসুমের শুরুতেই ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার ইটভাটা শিল্প। জেলার ৮০টি ইটভাটার চাতালে রোদে শুকাতে দেওয়া কোটি কোটি কাঁচা ইট বৃষ্টির পানিতে ভিজে গলে মাটির সাথে মিশে গেছে।
ভাটা মালিকদের অভিযোগ, ঋণ নিয়ে মৌসুমের কাজ শুরু করলেও এই আকস্মিক বৃষ্টিতে প্রতিটি ভাটায় প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হওয়া ইটগুলো ভাটা থেকে সরিয়ে নতুন করে মাটি প্রস্তুত করতেও গুনতে হবে অতিরিক্ত আরও ৫ থেকে ১০ লাখ টাকা। কাঁচা ইট নষ্ট হওয়ার ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবেন কিভাবে তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভাটা ম্যানেজার ও পরিচালকরা।
ইট ভাটার ম্যানেজার আবদুল মান্নান বলেন, আমরা তো আরও এক মাস আগে থেকে ইট কাটা ধরছি। এখন এমতাবস্থায় আজকে দুই-তিন দিনের বর্ষায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যা প্রায় ২৫-৩০ লক্ষ টাকার মতো। এগুলি আবার ফালাইতে আরও ৫-১০ লক্ষ টাকা খরচ আছে। আমাদের কোম্পানি ঋণ-টিন করে কাজ করছে, এখন এগুলি পরিশোধ দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই।”
মোহাম্মদ ওবায়দুল বলেন, আমাদের এখানে গত চার-পাঁচ দিনের বৃষ্টিতে প্রায় দুই থেকে আড়াই লাখ ইট নষ্ট হয়েছে। এগুলো আবার পুনরায় মাটি গুলে বানাতে হবে, এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মতো খরচ হবে। এখন যারা লেবার কাজ করতেছে, তাদেরকে বৃষ্টির কারণে কাজ বন্ধ রাখলেও বসায় বেতন দিতে হচ্ছে। আমরা দুশ্চিন্তায় আছি এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠব।”
ভাটাগুলোতে কাঁচা ইট নষ্ট হয়ে যাওয়ায় এবং আগুন দেওয়ার প্রক্রিয়া ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে ইট সরবরাহ পাওয়া নিয়ে চরম শঙ্কায় পড়েছেন ইট ক্রেতা ও ব্যবসায়ীরা।
ব্যবসায়ী ফোরকান বলেন, প্রত্যেকটা ফিল্ডেই ৫ লাখ, ১০ লাখ, ১৫ লাখ করে কাঁচা ইট বানানো হয়েছিল। যখন তারা আগুন দেবে, ঠিক সেই সময় বৃষ্টির কারণে সব ইট নষ্ট হয়ে গেছে। এতে আমরা যারা ব্রিক ফিল্ড থেকে ইট কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করি, তারা শঙ্কার মধ্যে আছি যে ব্রিক ফিল্ড আমাদের সময়মতো ইট দিতে পারবে কি না।
গত কয়েক দিন ধরে মিল ও ভাটার চাতালের কাজ পুরোপুরি ছিলো। তাতে অলস সময় পার করেছিন হাজার হাজার শ্রমিক।
এদিকে, জেলার ৮০টি ইটভাটায় প্রায় ১৭ থেকে ১৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত মালিকদের ঋণের কিস্তি স্থগিত ও সরকারি প্রণোদনার দাবি জানিয়েছে ইটভাটা মালিক সমিতি।
ভোলার ইটভাটা মালিক সমিতি সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ বলেন, এই ৮০টা ইটভাটায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা করে ক্ষতি হলেও প্রায় ১৭ থেকে ১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, যাতে ইটভাটা মালিকদের ঋণের কিস্তি বন্ধ করা হয় এবং তাদের বিশেষ প্রণোদনার আওতায় আনা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব ইট তৈরির জন্য প্রতিটি ভাটায় গ্যাস সংযোগ প্রদানেরও দাবি জানাচ্ছি।
সরকারি সহায়তা না পেলে চলতি মৌসুমে ভোলার ইট উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
