সর্বশেষঃ

ছাড়পত্র নিয়ে লাওসে গিয়ে কোম্পানির অস্তিত্ব পাননি ২০ বাংলাদেশি

বৈধভাবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে কর্মসংস্থানের আশায় লাওসে গিয়ে বিপাকে পড়েছেন ২০ বাংলাদেশি। রেস্টুরেন্টে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের পাঠানো হলেও দেশটিতে পৌঁছে সংশ্লিষ্ট কোম্পানি ও কর্মস্থলের কোনো অস্তিত্ব খুঁজে পাননি বলে অভিযোগ করেছেন তারা।

আড়াই মাসের বেশি সময় ধরে কাজ না পেয়ে বর্তমানে খাদ্য, অর্থ ও আবাসন সংকটে দিন কাটছে তাদের। এর মধ্যে বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় সোমবার (২৩ নভেম্বর) তাদের বাসা ছাড়ার চূড়ান্ত নোটিশ দিয়েছেন বাড়ির মালিক। এতে বিদেশের মাটিতে আশ্রয়হীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে তাদের।

এ ঘটনায় দুই রিক্রুটিং এজেন্সি ও সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে জরুরি হস্তক্ষেপ চেয়েছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশ।

ভুক্তভোগীদের নিরাপত্তা, খাদ্য ও আবাসন নিশ্চিত করা এবং কর্মসংস্থান না হলে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবিতে সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি।

ভুক্তভোগীদের অভিযোগ, মেসার্স টিকে এন্টারপ্রাইজ (আরএল-১৫২৭) লাওসের ‘সাউদার্মানি সোল কোম্পানি লিমিটেডের’ নামে ৩০ জন কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করে। পরে টিকে এন্টারপ্রাইজ, শাইনিং ওভারসিজ (আরএল-২৭১৬) এবং মধ্যস্থতাকারী কার্তিক খান্নার মাধ্যমে বিএমইটির ছাড়পত্র নিয়ে গত আগস্ট ও সেপ্টেম্বরে বিভিন্ন সময়ে তাদের লাওসে পাঠানো হয়।

লাওসে গিয়ে ‘রেডিশন রেস্টুরেন্টে’ কাজ করার কথা ছিল তাদের। কিন্তু সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত কর্মস্থলে কাজ পাননি তারা।

অভিযোগ অনুযায়ী, লাওসে থাকা বাংলাদেশি প্রতিনিধি সৈকত তাদের রাজধানী ভিয়েনতিয়েনের পার্শ্ববর্তী একটি বাসায় রেখে চলে যান। এরপর থেকে কর্মসংস্থান, ভরণপোষণ কিংবা নিরাপদ আবাসনের কোনো কার্যকর ব্যবস্থা করা হয়নি।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন কাজ না থাকায় তাদের হাতে থাকা অর্থও শেষ হয়ে গেছে। বাড়ি ভাড়া বকেয়া পড়েছে। বাড়ির মালিক বাসা ছাড়ার চূড়ান্ত নোটিশ দিয়েছেন। ফলে দ্রুত বিকল্প ব্যবস্থা না হলে আজ রাত থেকেই তাদের রাস্তায় থাকতে হতে পারে। খাবার, থাকার জায়গা ও দেশে ফেরার ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা।

কর্মীদের অভিযোগ, বাংলাদেশে থাকা মধ্যস্থতাকারী ও রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, সংশ্লিষ্ট এজেন্সি অর্থ পরিশোধ না করায় তাদের কাজ দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি কাজ পেতে নতুন করে টাকা দেওয়ার চাপও দেওয়া হচ্ছে। অথচ বিদেশে যাওয়ার জন্য প্রত্যেক কর্মী প্রায় ছয় লাখ টাকা ব্যয় করেছেন বলে দাবি করেছেন। এত টাকা খরচ করেও কাজ না পেয়ে নতুন করে অর্থ দেওয়ার চাপ তাদের সংকট আরও বাড়িয়ে তুলেছে।

এদিকে, কাজ ও নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা না হওয়ায় কয়েকজন কর্মী বাধ্য হয়ে অনিরাপদ ও অনিয়মিতভাবে কাজ খোঁজার চেষ্টা করছেন বলে জানিয়েছে অনির্বাণ। এতে স্থানীয় আইনগত জটিলতা, শোষণ এবং মানবপাচারের শিকার হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি মো. আল-আমিন নয়ন এশিয়া পোস্টকে বলেন, ‘জীবিকার সন্ধানে মানুষ বৈধ প্রক্রিয়ায় বিদেশে যান। কিন্তু কর্মস্থলে পৌঁছে যদি কাজ না পান, খাবার ও থাকার জায়গা হারানোর আশঙ্কায় পড়েন, তাহলে তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে?’

তিনি বলেন, ‘বিদেশে কর্মসংস্থানের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদের এমন অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কর্মীদের অবিলম্বে নিরাপত্তা, খাবার ও আবাসন নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

প্রতিমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে অনির্বাণের পক্ষ থেকে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা দায়িত্বপ্রাপ্ত মিশনের মাধ্যমে দ্রুত কর্মীদের বর্তমান অবস্থা যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তাদের জন্য জরুরি খাদ্য ও নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং প্রতিশ্রুত কর্মসংস্থান বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

আবেদনে বলা হয়, লাওসে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব না হলে দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি অভিবাসন ব্যয় বাবদ প্রত্যেকের দেওয়া প্রায় ছয় লাখ টাকা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দায়ীদের কাছ থেকে আদায় করে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া টিকে এন্টারপ্রাইজ, শাইনিং ওভারসিজ (আরএল-২৭১৬) এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।