সর্বশেষঃ

উপজেলা কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় শহীদুল ইসলাম আকাশ (৫৬) নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শহীদুল ইসলাম আকাশ ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

থানা সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে অভিযান চালায় পুলিশ। চাতালটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। পরে ৩৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলাটি তদন্তকালে উপজেলা কৃষক লীগের সভাপতি শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতা পায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, নাশকতার মামলায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় শহীদুল ইসলাম আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার শহীদুল ইসলাম আকাশকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।