সর্বশেষঃ

আওয়ামী লীগ ইস্যুতে পাল্টাপাল্টি কৌশল বিএনপি-জামায়াতের

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে ক্ষমতার পালাবদলে এখন নিষিদ্ধ আওয়ামী লীগ ইস্যুতেই পাল্টাপাল্টি কৌশল নিয়েছে একসময়ের মিত্র দল দুটি।

আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন শেখ হাসিনা, সোশ্যাল মিডিয়ায় এমন ঘোষণা দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। এর অংশ হিসেবে সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নৈরাজ্য চালায় দলটির নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতেও বিএনপি বা জামায়াতকে নিজ নিজ দলীয় কৌশলে বড় ধরনের ছাড় দিতে দেখা যায়নি।

নিষিদ্ধ আওয়ামী লীগের অব্যাহত সহিংসতার মুখে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করে তাদের ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান। এ ছাড়া জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যেই এসব উদ্যোগের ফল দৃশ্যমান হতে শুরু করেছে। বিএনপি ও জামায়াত দুই দলই আলাদাভাবে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে থাকার কথা বললেও বিএনপি ও জামায়াতের নিজেদের মধ্যকার দূরত্ব স্পষ্ট। দুই দলের নেতারাই নানা ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন।

বিএনপি নেতাদের অভিযোগ, সরকার গঠনের মাত্র কয়েক মাসের মাথায় জামায়াত জোটের লংমার্চ ও সরকার পতনের হুমকির কারণে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির সাহস পেয়েছে। এর জবাবে জামায়াত বলছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ভোটব্যাংক কাছে টানতে সারা দেশে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে বিএনপি। তাদের এই প্রশ্রয়ের কারণে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির দুঃসাহস পাচ্ছে।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, গত নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগের ভোটারদের কাছে টানার কৌশল নেয় বিএনপি ও জামায়াত। রাজনৈতিক কৌশলের দিক থেকে এখনও কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। এর ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে এক সময় দুই দলের মধ্যে ঐক্য ও দৃঢ়তা ছিল, তা স্তিমিত হয়ে পড়ে।

রাজনীতি বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, ‘স্থানীয় সরকার অথবা জাতীয় নির্বাচন যেটাই হোক না কেন কার্যক্রম নিষিদ্ধ একটি দলের সাধারণ ভোটব্যাংক কাছে টানার চেষ্টা যে কোনো রাজনৈতিক দলের কৌশলের অংশ হতে পারে। তবে সরকারকে দলীয় স্বার্থের ওপর জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।’

তার মতে, সরকারকে দেখতে হবে বিএনপির পক্ষে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ভোট যদি গুরুত্বপূর্ণ হয় তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সাধারণ মানুষও ভোটার। রাষ্ট্রীয় নিরাপত্তা না পেলে তারা সরকারি দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন।

দিলারা চৌধুরী বলেন, ‘আমরা যারা দল করি না তারা কিন্তু দেখব সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারল কি না। আজ আওয়ামী লীগ যে মানুষ হত্যা করছে, জ্বালাও-পোড়াও করছে আমরা তা থেকে বাঁচতে চাই। নৈরাজ্য থেকে নিরাপত্তা না দিলে আমাদের ভোট তো সরকারের পক্ষে পড়তে পারে না। সরকারকে এই দিকটায় গুরুত্ব দিতে হবে।’

ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে গত সেপ্টেম্বরের শুরুর দিকে আকস্মিকভাবে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান বিরোধী দল জামায়াতের অভিযোগ, এসবের বিরুদ্ধে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। বরং বিএনপি নেতাদের একাংশ আওয়ামী লীগ তোষণের নীতি নিয়েছে। জামায়াতের বদলে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে দেখতে চান বিএনপির এসব নেতা।

জামায়াতের অভিযোগ, সরকারের আওয়ামী লীগ তোষণের কারণেই গত ১১ সেপ্টেম্বর জুমার পর গুলশানে ঝটিকা মিছিল করার সাহস পায় নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। জুলাই বিপ্লবের পর রাজধানীতে প্রকাশ্য দিবালোকে এটিই ছিল তাদের প্রথম কোনো বড় কর্মসূচি।

এরপর আগামী ডিসেম্বরকে সামনে রেখে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ করে গোপালগঞ্জে দুটি থানার পাশাপাশি বিএনপি কার্যালয় এবং দলটির দুই এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পার্শ্ববর্তী নড়াইলে অতর্কিত হামলা চালিয়ে বিএনপির দুই কর্মীকে হত্যা করা হয়। পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে। এমন প্রেক্ষাপটে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে মোকাবিলায় পৃথকভাবে রাজপথে থাকার ঘোষণা দিলেও পরস্পরবিরোধী অবস্থান থেকে বড় ধরনের ছাড় দিতে রাজি নয় বিএনপি ও জামায়াতে ইসলামী। এর মধ্য েই গত বুধবার (১৮ নভেম্বর) বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে নিজ কার্যালয়ে চায়ের দাওয়াত দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

বৈঠক শেষে রাতে সংসদে দেওয়া বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে বিএনপি সরকার তাদের পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ানোর কারণে রাজনৈতিক ঐক্যে ফাটল ধরেছে। তিনি গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে তার প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানও একই দিন সংসদে এ ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের ফ্যাসিবাদী কার্যক্রমের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেন তিনি। সরকারপ্রধান বলেন, ‘আজ প্রয়োজন হয়ে পড়েছে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়ানোর, যেমনটি তারা করেছিলে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময়ে।’

রাজনীতিসংশ্লিষ্টরা বলছেন, জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপি মূলত জামায়াতের ওপর একধরনের রাজনৈতিক চাপ তৈরি করতে চায়। এখন জামায়াত এই ডাকে সাড়া না দিলে ক্ষমতাসীনরা জনগণের কাছে বিরোধী দলকে আওয়ামী লীগ ঘেঁষা এবং জাতীয় ঐক্যবিরোধী হিসেবে চিহ্নিত করার সুযোগ পাবে।

সামগ্রিক বিষয়ে কথা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সঙ্গে। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী যে নৈরাজ্য শুরু করেছে তার বিরুদ্ধে প্রকৃত দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন যারা নিজেদের প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বলে মনে করেন, তাদের দায়িত্ব হবে এতে সাড়া দেওয়া।’

জামায়াত কি এই আহ্বানে সাড়া দিচ্ছে? এমন প্রশ্নে শামসুজ্জামান দুদু বলেন, ‘কোনো দলের নাম বলতে চাই না। যারা নিজেদের দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি মনে করবে, তাদের উচিত প্রধানমন্ত্রীর ডাকে ইতিবাচক সাড়া দেওয়া।’

জামায়াতের নেতারা সরকারের আহ্বানকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। পাল্টা কৌশল হিসেবে তারা গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন। তাদের অভিযোগ, তোষণের কারণে আওয়ামী লীগ এতটা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছানোর সুযোগ পেয়েছে।

জামায়াতে ইসলামীর মুখপাত্র ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এশিয়া পোস্টকে বলেন, ‘আওয়ামী লীগ এই কয়েক দিনে অন্তত চারজনকে হত্যা করেছে। কমপক্ষে দুই এমপির বাড়ি এবং দুটি থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। এটাই আওয়ামী লীগের পরিচয়। তাদের এই বাড়াবাড়ির পেছনে বর্তমান সরকারের ভুল নীতি দায়ী।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন চোরাগোপ্তা ককটেল হামলা এবং পরবর্তীতে বিভিন্ন স্থানে যানবাহনে আগুন লাগানো শুরু করল তখন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্ব দেননি। তিনি বললেন, গাড়ির ছাদে দুই একটি ককটেল ফাটানোকে আইন শৃঙ্খলার অবনতি বলা যায় না।’

জামায়াত নেতারা বলছেন, বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগ ধীরে ধীরে নিজেদের সুসংহত করতে পেরেছে। তাদের আজকের নৈরাজ্যের পেছনে মূল শক্তি জুগিয়েছেন বিএনপি নেতারা। বিএনপির আইনজীবীদের মাধ্যমে আওয়ামী লীগের অনেকে আদালত থেকে জামিন নিয়ে বের হয়েছেন। পরে তারা দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সংগঠিত করেন। এখনও বিএনপির বিভিন্ন নেতাদের বাসাবাড়ি থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।

জামায়াত নেতারা মনে করেন, সরকার আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে আগুন নিয়ে খেলেছে। তারা বলছেন, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে এবং জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সরকারের অক্ষমতার প্রতিবাদে দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি চালিয়ে যাবেন তারা। তবে আওয়ামী লীগ তোষণের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির দুই ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং আবদুস সালাম।

মোহাম্মদ শাহজাহান এশিয়া পোস্টকে বলেন, ‘স্থানীয় নির্বাচনে ভোটের জন্য আওয়ামী লীগকে আমরা ছাড় দিয়েছি, এমন অভিযোগ সঠিক নয়। একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি এত দিন আওয়ামী লীগের প্রতি ধৈর্যের পরিচয় দিয়েছিলে। কিন্তু আওয়ামী লীগ তাদের নৈরাজ্যের মাধ্যমে জাতির সামনে আবারও প্রমাণ করে দিল যে, তারা আসলেই গণতান্ত্রিক দল নয়। তাদের নৈরাজ্যের বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, ‘সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় নির্বাচিত সরকারকে যারা ক্ষমতাচ্যুত করতে রাজপথে নেমেছিল তাদের কর্মকাণ্ডে উৎসাহী হয়ে আওয়ামী লীগ নৈরাজ্য চালানোর সাহস পেয়েছে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।