দৌলতখানে পুকুরে পড়ে দুই বছর বয়সী শিশু রাইয়ানের মৃত্যু

ভোলার দৌলতখান উপজেলায় বাড়ির সামনের পুকুরে পড়ে রাইয়ান (২ বছর ৯ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বেলা আনুমানিক ১১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত রাইয়ান ওই এলাকার মো. সবুজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলা করার একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
