সর্বশেষঃ

চেক প্রতারণা মামলায় লালমোহনের মোল্লা আইসক্রিমের মালিক সিরাজ মোল্লার ১ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা অর্থদণ্ড

লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে ৩০ লাখ টাকা আত্মসাৎ ও চেক প্রতারণার মামলায় পৌরসভার ৩ নং ওয়ার্ডে অবস্থিত মোল্লা আইসক্রিমের মালিক মো. সিরাজ মোল্লার (৫১) বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর-২০২৬) ভোলা জেলার লালমোহন সিনিয়র জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট এই রায় দেন।
সূত্রে জানা যায়, আইসক্রিম ব্যবসায়ী মো. সিরাজ মোল্লা প্রতিবেশী ৩ নং ওয়ার্ডের মো. মফিজুর রহমানের কাছ থেকে আইসক্রিমসহ অন্যান্য ব্যবসার প্রয়োজনে নগদ ও চেকের মাধ্যমে মোট ৩০ লাখ টাকা ধার দেন। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে সিরাজ নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে চাপে পড়ে তিনি ২০২১ সালের ২১ মার্চ লালমোহন উত্তরা ব্যাংক লিমিটেড শাখার নিজ সঞ্চয়ী হিসাবের (হিসাব নং- ১১১০০১১২১৬০৪) বিপরীতে ৩০ লাখ টাকার একটি একাউন্স পে চেক (নং- ৩৯৭৯৯৩৯) প্রদান করেন। মফিজুর রহমান ওই দিনই চেকটি নগদায়নের জন্য তার নামে করা একেউন্টে লালমোহন রুপালি ব্যাংক লিমিটেডে জমা দেন। কিন্তু সিরাজের ব্যাংক হিসাবে পর্যাপ্ত তহবিল না থাকায় এবং হিসাবটি বন্ধ থাকায় ২৩ মার্চ চেকটি ডিজঅনার (প্রত্যাখ্যাত) হয়। বিষয়টি সিরাজকে জানালে তিনি টাকা ফেরত না দিয়ে উল্টো ছলচাতুরী ও হুমকি-ধামকি দিতে থাকেন। চেক ডিজঅনার হওয়ার পর ২০২১ সালের ১২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে সিরাজ মোল্লাকে রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়, যা ১৮ এপ্রিল তিনি গ্রহণ করেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় মফিজুর রহমান লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় একটি মামলা (নং-১৫৮/২১) দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত অভিযুক্ত সিরাজ মোল্লাকে ১ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।