প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া

হজযাত্রীদের আর্থিক ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়েছে সরকার। পাশাপাশি দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার হজের বিমানভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।
ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছায় ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হজযাত্রীদের ব্যয় কমানো থেকে শুরু করে মসজিদের দায়িত্ব পালনকারীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ তারই অংশ।
বক্তব্যে মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী অনুষ্ঠান পরিচালনা করেন।
মাহফিলে বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা।
এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
