সর্বশেষঃ

মেয়ের সঙ্গে অভিমান করে ভোলায় মায়ের বিষপান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে মেয়ের সঙ্গে অভিমান করে বিষপান করে মরিয়ম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মরিয়ম পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার সেলিম বেপারির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে মরিয়মের মেয়ে ফারজানা (১৩) কাগজ-কলম কেনার জন্য মায়ের কাছে ৫০০ টাকা চায়। এ নিয়ে মা-মেয়ের মধ্যে একপর্যায়ে কথাকাটাকাটি হয়। মেয়ের কথায় কষ্ট পেয়ে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন মরিয়ম।

পরে মাগরিবের নামাজের প্রায় ১০ মিনিট পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরতা চিকিৎসক ডাক্তার জুনায়েদ আহমেদ।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।