বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ
বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

বাসস : তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি বলেছেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে তার বক্তব্য বা আসার সম্ভাব্য পদ্ধতিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে। তিনি বলেন, দেশে ফেরার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর বাইরে অন্য কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট এবং জনগণকে হত্যার অভিযোগের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এখন তার দেশে ফেরা নিয়ে তিনি কী বলছেন, কীভাবে আসতে চান কিংবা আদৌ আসবেন কি না, এসব বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরতে হবে। তিনি বলেন, তার কথাগুলো বা তিনি কীভাবে আসবেন, না আসবেন, বাংলাদেশের আইন এবং বাংলাদেশের যে অ্যাকশন আছে, সেটা ফলো করেই জানতে হবে। এর বেশী গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই।
তথ্যমন্ত্রী আরও বলেন, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বিমানে আসবেন, নাকি অন্য কোনো পথে আসবেন, সেটি সরকারের বিবেচ্য বিষয় নয়। দেশে প্রচলিত আইন রয়েছে এবং সেই আইন মেনেই তাকে ফিরতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু বিভিন্ন বক্তব্য ও আলোচনার মাধ্যমে বিষয়টি সামনে আনা হচ্ছে। তিনি বলেন, আগে দেশে ফেরার বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, এরপর পরিস্থিতি অনুযায়ী বিষয়টি বিবেচনা করা যাবে।
তথ্যমন্ত্রী বলেন, কখনো বলা হচ্ছে তিনি বিমানে দেশে আসবেন, আবার কখনো সীমান্ত দিয়ে আসার বিষয়টি সামনে আনা হচ্ছে। তার দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিভিন্ন সীমান্ত এলাকায় যাতায়াতের বিষয়ও আলোচনায় আসছে। ফলে আগে তাদের নিজেদের অবস্থান ও সিদ্ধান্ত পরিষ্কার করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসেবে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে চায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের কার্যক্রম নিয়ে একধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা কাটিয়ে সরকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিরোধী দলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একটি স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, জনগণের স্বার্থ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের মনোযোগ দেওয়া প্রয়োজন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খননসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মসূচির সুফল দেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হচ্ছে। শুধু শহরকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি বোঝা সম্ভব নয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এটি স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কোনো এলাকায় অস্থিরতা তৈরি করা কিংবা জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা কাম্য নয়। তার অভিযোগ, বিভিন্ন ইস্যু সামনে এনে সরকারের উন্নয়ন কার্যক্রম থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহারের প্রবণতা রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, গত দেড় বছর ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে নানা ধরনের বক্তব্য ও প্রচারণা দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সংঘাতের ঘটনায় হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য জড়িত থাকলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়।
তথ্যমন্ত্রীর ভাষ্য, ভারতের ক্ষমতাসীন বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের সংখ্যালঘু বিষয় রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহারের প্রবণতা রয়েছে। এ কারণে বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর চিত্র তুলে ধরা হচ্ছে কি না, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের দুর্গাপূজার উদাহরণ দিয়ে বলেন, সাম্প্রতিক দুর্গাপূজা দেশের ইতিহাসে অন্যতম বড় ও ব্যাপক পরিসরে উদ্যাপিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রয়েছে।
বগুড়ায় বিএনপি একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ভারতের গণমাধ্যমে কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সে বিষয়েও সাংবাদিকেরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা বিচ্ছিন্ন কোনো ঘটনাকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা তৈরির সুযোগ দেওয়া উচিত নয়। তিনি বলেন, বাংলাদেশের সামনে এখন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। জনগণের উন্নয়ন, জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়গুলোতেই সরকারের পাশাপাশি গণমাধ্যমেরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
