সর্বশেষঃ

ভোলায় যৌথ অভিযানে ২৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সম্রাট গ্রেফতার

ভোলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে ২৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ মো. সম্রাট হোসেন মাতাব্বর (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী গ্রামের নববী মসজিদের পশ্চিম পাশে একটি বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, আসামীর শাশুড়ি তাসলিমা আক্তারের দখলীয় ওই বাড়ির একটি একতলা বসতঘরে অভিযান পরিচালনা করে যৌথ টিম। এ সময় আসামী মো. সম্রাট হোসেন মাতাব্বরের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটে নীল রঙের পলিথিনে মোড়ানো ২৬ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ২.৬ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়া আসামীর শয়নকক্ষের খাটের বালিশের নিচ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং গাঁজা মাপার একটি ডিজিটাল নিক্তি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো. সম্রাট হোসেন মাতাব্বর ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের পূর্ব চরকালী এলাকার মৃত লোকমান মাতাব্বরের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ভোলা জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের যৌথ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।