ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
সাংবাদিককে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যার হুমকি

ভোলার বাণী ডেস্ক ॥
পাবনার বেড়া উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রতিদিনের সংবাদ-এর বেড়া-সাঁথিয়া প্রতিনিধি এবং উদীয়মান সাংবাদিক আরিফ খানকে মোবাইল ফোনে ক্রমাগত কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে এই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ইতোমধ্যে এসব হুমকির একাধিক অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগে সাংবাদিক আরিফ খান নিজে বাদি হয়ে সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৫৬৯) দায়ের করেছেন। ভুক্তভোগী আরিফ খান পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকায় স্থানীয়ভাবে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত।
সংবাদ প্রকাশের জেরে আক্রোশ ও হুমকির নেপথ্য : স্থানীয় সাংবাদিক সূত্রে জানা যায়, সাংবাদিকতার শুরু থেকেই আরিফ খান বিভিন্ন অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতা ও ঝুঁকি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে আসছেন। তাঁর করা বেশ কিছু আলোচিত সংবাদ জাতীয় দৈনিকের প্রথম ও শেষ পাতায় গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। সম্প্রতি বেড়া উপজেলার স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিলন মাহমুদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে হওয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি একাধিক সংবাদ প্রকাশ করেন।
এসব সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন মাধ্যমে তাঁকে চাপ প্রয়োগ ও হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ বেড়া উপজেলার আমিনপুর থানার মাশুমদিয়া এলাকায় কোনো ধরনের চিকিৎসাসংক্রান্ত সনদ ও অনুমোদন ছাড়াই কবিরাজের সাইনবোর্ড ঝুলিয়ে অপচিকিৎসা চালানোর অভিযোগে ‘হালিম কবিরাজ’-এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন আরিফ। তথ্য সংগ্রহের সময় তাঁকে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয় ওই কবিরাজ চক্র। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ওই কথিত কবিরাজের চেম্বার সিলগালা করা হয়। এরপর থেকেই মূলত বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাঁকে রাস্তায় ফেলে কুপিয়ে, জবাই করে ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
সাংবাদিকের প্রতিক্রিয়া ও নেতৃবৃন্দের বক্তব্য : এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক আরিফ খান বলেন, “এর আগেও আমি অসংখ্য অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করেছি, তখনও নানা চাপ এসেছে। কিন্তু এবারের এই তিনটি সংবাদ প্রকাশের পর থেকে চরম মাত্রায় হুমকি দেওয়া হচ্ছে। আমার করা সংবাদ নিয়ে কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকলে তারা তা আইনিভাবে মোকাবিলা করতে পারেন, কিন্তু তা না করে আমাকে হত্যার হুমকি দিয়ে থামানোর চেষ্টা চলছে। আমি আমার পরিবার ও নিজের নিরাপত্তা চাই।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাঁথিয়া প্রেসক্লাব-এর সভাপতি আব্দুল হাই এবং বেড়া উপজেলা প্রেসক্লাব-এর সাবেক সাধারণ সম্পাদক মহসিন বলেন, সাংবাদিক আরিফ অত্যন্ত সাহসী ও সৎভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অনুসন্ধানী রিপোর্টে অনেক অনিয়মের সত্যতা প্রমাণিত হয়েছে। তাঁকে এভাবে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে হুমকিদাতাদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
পাবনা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, সাংবাদিকের কাজ হলো সমাজের অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরা। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় পড়লে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় অন্তরায়। আমরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি এবং দ্রুত হুমকিদাতাদের গ্রেপ্তার দাবি করছি।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকিদাতা দুর্বৃত্তদের শনাক্ত করতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
