সর্বশেষঃ

লালমোহনে ফোরকানের সমর্থনে উঠান বৈঠক, উন্নয়নের অঙ্গীকার

লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালা মিয়া বাড়ির উদ্যোগে বাড়ির আঙিনায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়। উঠান বৈঠকে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকান এলাকাবাসীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং ৭নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জনসেবা ও

স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় মো. ফোরকান বলেন, আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ৭ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব। কোনো ধরনের বৈষম্য না করে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। তাই আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

তিনি আরও বলেন, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসী এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা ও নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।