মনপুরায় আসছেন এমপি নূরুল ইসলাম নয়ন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ শনিবার
মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ, নৌবাহিনীর অভিযানে ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ

দেশের জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত হয়েছে। ২২ দিনের এ অভিযানে ২১২টি অপারেশন পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল, বোট ও মা ইলিশ জব্দ করেছে নৌবাহিনী।
শুক্রবার (৩০ অক্টোবর) নৌবাহিনীর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ঘোষিত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নৌবাহিনী দেশের ৯টি জেলায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করে। অভিযানে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার ও ১৬৬টি বিভিন্ন ধরনের অবৈধ জাল, ৪টি বোট এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পাশাপাশি ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা সামগ্রীর মোট আনুমানিক ভিত্তিমূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।
অভিযান বাস্তবায়নে নৌবাহিনীর ৭টি জাহাজ ও বিভিন্ন কন্টিনজেন্ট দায়িত্ব পালন করে। গভীর সমুদ্রে দেশি-বিদেশি মৎস্যযানের অবৈধ অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ প্রতিরোধে জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।
এ ছাড়া সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও দেশের অভ্যন্তরীণ নদ-নদীর ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসব কার্যক্রমে স্থানীয় প্রশাসন, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করে নৌবাহিনী।
অভিযানে জব্দ করা অবৈধ জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা চালানো হয়।
নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তারের অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদ সংরক্ষণে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা পুনরায় স্বাভাবিকভাবে নদী ও সাগরে মাছ আহরণ শুরু করার সুযোগ পেয়েছেন।
