বোরহানউদ্দিন প্রতারণার মাধ্যমে ট্যাক্স আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার
বরিশাল মহানগরে নতুন চারটি থানা স্থাপনের পরিকল্পনা

বরিশাল মহানগরীতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নগরীতে থানার সংখ্যা চারটি থেকে বেড়ে আটটি হবে। এতে নগরবাসীর কাছে পুলিশি সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার হবে বলে আশা করছে পুলিশ।
সোমবার (২৬অক্টোবর) সকালে নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বিএমপি কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।
পরে একটি শোভাযাত্রা নগরীর বান্দ রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
২০০৬ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে চারটি থানার মাধ্যমে নগরবাসীকে সেবা দিচ্ছে সংস্থাটি। তবে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও যানজট ব্যবস্থাপনায় চ্যালেঞ্জও বাড়ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, পরিবর্তিত নগর বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।
বিএমপি কমিশনার মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, ভবিষ্যতে বরিশাল মহানগরীতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নগরবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমানে বিএমপিতে প্রায় ১ হাজার ৮০০ সদস্য কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠার দুই দশকে নগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে সংস্থাটি। নগরীর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশি সেবার পরিধি বাড়ানো এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন ব্যক্তিরা।
