সর্বশেষঃ

‘ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলে জ্বালানি সংকট থাকবে না’

ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হলে দেশের জ্বালানি সংকট থাকবে না বলে মন্তব্য করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য এম এ মোশাররফ হোসেন।

তিনি বলেন, বরিশাল বিভাগ শুধু নিজের উন্নয়ন নয়, দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে দেশের জ্বালানি সংকট নিরসনে বড় অবদান রাখা সম্ভব হবে।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে বরিশাল বিভাগ সমিতি আয়োজিত শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মোশাররফ হোসেন বলেন, বরিশাল বিভাগের উন্নয়নে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণ, ভোলার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন এবং রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বরিশাল থেকে হিজলা ও মেহেন্দিগঞ্জ হয়ে ভোলার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে সেতু নির্মাণের পরিবর্তে হিজলা ও মেহেন্দিগঞ্জ হয়ে যোগাযোগ স্থাপন করা হলে ব্যয় ও সময়-দুটিই কম লাগবে।

এ পথে সড়ক যোগাযোগ স্থাপনে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় এবং সাড়ে তিন বছর সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।বরিশালের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরিশালের উন্নয়নের বিষয়টি সন্তোষজনকভাবে উঠে আসেনি। এ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর সামনে তিনি বরিশালের উন্নয়নের দাবি তুলে ধরেছেন। যে বরিশাল ২১টি আসনের মধ্যে ১৯টি আসন দিয়েছে, সেই বরিশালকে উন্নয়ন থেকে বাদ রাখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এম এ মোশাররফ হোসেন বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে পুরো বরিশাল বিভাগের অর্থনীতি উপকৃত হবে। এ লক্ষ্য সামনে রেখে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর একনেকের বৈঠকে এ প্রকল্প অনুমোদনের আশা প্রকাশ করেন তিনি।

বরিশাল বিভাগে রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে তিনি বলেন, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালীসহ কয়েকটি জেলায় রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সমীক্ষা ও স্থান নির্ধারণের কাজ শেষ হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, কুয়াকাটা এলাকায় নতুন বিমানবন্দর স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে বিমানবন্দর হলে পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটার সঙ্গে আকাশপথে যোগাযোগ সহজ হবে। পাশাপাশি পায়রা বন্দর ও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে বরিশালের অবদান আরও বাড়ানো সম্ভব হবে।

বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রেলওয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ তালুকদার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল বারেক মোল্লা এবং শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদারসহ সংগঠনের সদস্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।